বিচার বিভাগে ডিজিটালাইজেশন প্রক্রিয়ার উদ্বোধন
মিডিয়ার বেশি লিবার্টি মঙ্গল বয়ে আনে না: প্রধান বিচারপতি

গণমাধ্যমের বেশি স্বাধীনতা দেশের জনগণের মঙ্গল বয়ে আনে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে ‘ডিজিটালাইজড উইটনেস ডিপোজিশন সিস্টেম’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বুধবার দুপুরে এ কথা বলেন। এ প্রকল্পের মাধ্যমে বিচার বিভাগের ডিজিটালাইজেশন শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বলেন, ‘আমাদের দেশের মিডিয়া আজকে যথেষ্ট স্বাধীনতা লাভ করেছে। মিডিয়াতে রাতে টক শোসহ অন্য আলোচনা হয়। কিছু কিছু প্রিন্ট মিডিয়াতে বিচার বিভাগ নিয়ে আলোচনা হয়। সবাইকে বলতে চাই যে আমাদের মিডিয়া বা আমাদের লিবার্টি আছে। বেশি লিবার্টি বাংলাদেশ কিংবা বিশ্বের কোনো দেশের জনগণের জন্যই মঙ্গল বয়ে আনে না। এটার সীমাবদ্ধতা থাকা উচিত।’
আদালত চত্বরে সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ইমান আলী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস।
অনুষ্ঠানে জানানো হয়, সুপ্রিম কোর্টের সহযোগিতায় ইউএনডিপির অর্থায়নে জুডিশিয়াল স্ট্রেনদেনিং প্রকল্পের (জাস্ট) আওতায় সিলেটের ৪০টির মধ্যে ২০টি আদালতকক্ষে সাক্ষ্যগ্রহণ ও জেরায় আধুনিক এ প্রযুক্তির ব্যবহার বাংলাদেশে প্রথম। এই ডিজিটাল পদ্ধতির ফলে এখন আর আদালতে সাক্ষীদের সাক্ষ্য হাতে লিখে সংরক্ষণ করতে হবে না। আদালতে সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে তা কম্পিউটারে লিপিবদ্ধ হবে। রেকর্ডও সংরক্ষিত থাকবে।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ ডিজিটালাইজেশনের পাশাপাশি যুগোপযোগী আইনের প্রয়োগও দরকার। মামলাজট প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে ৩০ লাখ মামলার জটের কথা বলা হয়। এটা ওভারকাম করতে পারতাম, যদি পুরোনো আইনগুলোকে বাদ দিয়ে যুগোপযোগী করা যেত।’
বিশেষ অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ই-জুডিশিয়ারির জন্য ১০ থেকে ১৫ বছর অপেক্ষা করতে হবে না। আগামী বছর থেকেই পর্যায়ক্রমে সব জেলায় এ পদ্ধতি চালু করা হবে।’
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশে বিচার বিভাগে ডিজিটালাইজেশন নতুন প্রক্রিয়া। এর মাধ্যমে সময়, শ্রম ও খরচ সাশ্রয় হবে। পাশাপাশি বিচার কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত হবে।
সিলেটের আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে আদালতে লিফট স্থাপন, বার ভবন নির্মাণ ও আদালতের অবকাঠামোর উন্নয়ন এবং গ্রন্থাগারের জন্য আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস দেন আইনমন্ত্রী।