মিতু খুনের ঘটনায় জামিনে মুক্তি পেলেন নাছের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আবু নাছের ওরফে গুন্নু আজ রোববার উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। হাইকোর্টের জামিনের আদেশ পাওয়ার পর কারাগার কর্তৃপক্ষ সন্ধ্যায় তাঁকে মুক্তি দেয়।

চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল ইসলাম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, বাবুল আক্তারের স্ত্রী মিতুকে খুনের ঘটনায় নগর গোয়েন্দা পুলিশ গত ৭ জুন নাছেরকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পায়নি। মিতু নগরের জিইসি মোড়-সংলগ্ন ওআর নিজাম রোড খুন হয়েছিলেন ৫ জুন।

নাছেরের স্ত্রী পারভিন আক্তার প্রথম আলোকে বলেন, হাইকোর্টে তাঁর স্বামীর জামিনের আবেদন করা হয়। জামিন মঞ্জুর হওয়ার পর সন্ধ্যায় কারাগার থেকে তিনি মুক্তি পান।

মিতু খুনের ঘটনার জের ধরে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার গত ২৭ জুন সংবাদ ব্রিফিং করেন। সেখানে পুলিশ কমিশনার বলেছিলেন, মিতু খুনের ঘটনায় সাত থেকে আটজন জড়িত। এ ব্যাপারে আসামি ওয়াসিম ও আনোয়ার যে জবানবন্দি দেন, তাতে আবু নাছেরের নাম নেই।