মিতু হত্যা মামলা নিয়ে পরিবারের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহমুদা খানম মিতু হত্যার বিচার-প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর মা শাহিদা মোশাররফ। তিনি বলেছেন, মেয়ে হত্যার পর তিন মাস পার হয়ে গেলেও পুলিশ তাঁদের সঙ্গে কথা বলেনি। অন্যদিকে পুলিশ বলছে, মাহমুদা খানমের স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার এই হত্যা
মামলার বাদী হলেও, কখনো মামলা সম্পর্কে কোনো খোঁজখবর নেননি।
গতকাল বুধবার ঢাকায় বাবুল আক্তারের শ্বশুরবাড়িতে গেলে মাহমুদা খানমের মা শাহিদা মোশাররফ প্রশ্নের জবাবে বলেন, ‘এখন পর্যন্ত পুলিশ আমাদের সঙ্গে কথাই বলে নাই। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আমি অপরাধী হলে আমার বিচার হোক, বাবুল অপরাধী হলে তারও বিচার হোক। কিন্তু বাবুল অপরাধী হবে কেন? আমি তো ওদের মধ্যে কোনো মনোমালিন্য দেখিনি।’
শাহিদা মোশাররফ দাবি করেন, এ পর্যন্ত তিনি যা জেনেছেন, সবই পত্রপত্রিকা আর টেলিভিশন মারফত। মিতু হত্যার জন্য কাউকে সন্দেহ করেন কি না এমন প্রশ্নে শাহিদা মোশাররফ বলেন, তিনি কাউকে সন্দেহ করেন না। কারা কেন তাঁর মেয়েকে হত্যা করল, তিনি আঁচ করতে পারছেন না। বাবুল আক্তার এ সম্পর্কে তাঁকে কিছু বলেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বাবুল এমনিতেই কম কথা বলে। এ ব্যাপারেও কিছু বলেনি।’
গতকাল সকাল নয়টায় যখন এ প্রতিবেদকের সঙ্গে শাহিদা মোশাররফের কথা হয়, তাঁর স্বামী মোশাররফ হোসেন ও মেয়েজামাই বাবুল আক্তার বাসায় ছিলেন না। বাবুল আক্তার কোথায়, তা শাহিদা মোশাররফ বলতে পারেননি। গতকাল দিনভর বাবুল আক্তারের অবস্থান নিয়ে আলোচনা ছিল। সন্ধ্যার সময় খুদে বার্তায় বাবুল আক্তার এই প্রতিবেদককে জানান, তিনি শ্বশুরবাড়িতেই আছেন। ৬ সেপ্টেম্বর বাবুল আক্তারের পদত্যাগপত্র গৃহীত হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সম্পর্কে প্রজ্ঞাপন জারি হয়।
এদিকে মাহমুদা খানম হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তা চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘তিন মাসে একবারও স্ত্রী হত্যা মামলার অগ্রগতি জানতে বাবুল তদন্ত কর্মকর্তাসহ কারও সঙ্গে যোগাযোগ করেননি। অথচ চাকরি ফিরে পেতে তিনি বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেছেন। বিষয়টি স্বাভাবিক নয়। স্ত্রী হত্যার একবারও খোঁজ নেবেন না?’
বাবুল আক্তারকে আটক করা হবে কি না—এ প্রশ্নের জবাবে মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান গতকাল তাঁর কার্যালয়ে বলেন, ‘তদন্ত চলছে। অগ্রিম কিছু বলা যাবে না। তবে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে যে কাউকে পুলিশ ধরতে পারবে।’
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মাহমুদা খানমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।