মিতু হত্যার আসামি ভোলা আরেক মামলায় একদিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এহতেশামুল হক ওরফে ভোলা । ফাইল ছবি
এহতেশামুল হক ওরফে ভোলা । ফাইল ছবি

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেপ্তার এহতেশামুল হক ওরফে ভোলাকে জিজ্ঞাসাবাদ করতে আরেকটি হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভোলার বিরুদ্ধে নগরের চান্দগাঁও, বাকলিয়া, পাঁচলাইশ থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৮টি মামলা রয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ট্রাকচালক আবদুল গফুর হত্যা মামলায় ভোলাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৫ সালের ১৬ মার্চ ডবলমুরিং থানার দেওয়ানহাট ব্রিজের নিচে ট্রাকচালক আবদুল গফুরকে (৪৫) পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৩০ আগস্ট গ্রেপ্তার দেখান।

মামলাটির তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, আদালতের আদেশটি পাওয়ার পর ভোলাকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে নিয়ে যাওয়া হবে।
এর আগে ২০১৬ সালের ২৭ জুন নগরের বাকলিয়া এলাকা থেকে মাহমুদা হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলিসহ ভোলা ও তাঁর সহযোগী মো. মনিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় ওই বছরের ২৮ জুলাই বাকলিয়া থানার পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৬ সালের ৫ জুন নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হাতে খুন হন মাহমুদা। এ ঘটনার পর তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

অস্ত্র আইনের মামলাটি বিচারাধীন থাকলেও মাহমুদা হত্যা মামলায় এখনো অভিযোগপত্র জমা দেয়নি গোয়েন্দা পুলিশ। এই মামলায় ভোলা গত ১৩ মে হাইকোর্ট থেকে জামিন পান। পরে তাঁকে চট্টগ্রাম নার্সিং কলেজের জে৵ষ্ঠ শিক্ষক অঞ্জলী রানী দেবী খুনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১৫ সালের ১০ জানুয়ারি চট্টগ্রাম নগরের পাঁচলাইশের তেলিপট্টি এলাকার নিজ বাসার গলির মুখে অঞ্জলী রানী দেবীকে কুপিয়ে হত্যা করা হয়।