মিতু হত্যার বিচার চান মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার বিচার চেয়েছেন মা শাহিদা মোশাররফ। আজ বুধবার রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসায় তিনি প্রথম আলোকে বলেন, ‘বিচার কই, বিচার তো দেখি না। আমি দায়ী হলে আমার বিচার হোক, বাবুল দায়ী হলে ওরও বিচার হোক। কিন্তু বাবুল দায়ী হবে কেন?’
তবে ওই সময় বাবুল আক্তার বা তাঁর শ্বশুর মোশাররফ হোসেন কেউই বাসায় ছিলেন না। তাঁরা কোথায় আছেন, এ ব্যাপারে শাহিদা মোশাররফ কিছু বলতে পারেননি।
এক প্রশ্নের জবাবে শাহিদা বলেন, আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত পুলিশ তাঁদের সঙ্গে মিতু হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলেনি।
গতকাল মঙ্গলবার চাকরি থেকে বাবুল আক্তারকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো।’ যদিও বাবুল ও তাঁর শ্বশুরের ভাষ্য, স্বেচ্ছায় নয়, বাধ্য হয়ে তিনি পদত্যাগপত্রে সই করেছিলেন।

গত ৫ জুন সকালে চট্টগ্রামে বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গুলি করে হত্যা করা হয়। এরপর বাবুল আক্তার দুই সন্তানকে নিয়ে ঢাকায় শ্বশুরবাড়িতে চলে আসেন।

বাবুল-মিতু দম্পতির দুই সন্তান ভালো নেই বলে জানান শাহিদা। তিনি বলেন, ‘মিতু যখন খুন হয় ওর রক্তে ছেলেটা মাখামাখি হয়ে গিয়েছিল। ও কথাই বলত না। এখনো স্কুলে যায় না। কদিন একটা কোচিংয়ে পাঠিয়েছিলাম। খালি ভয় পায়। মেয়েটা প্রায়ই এসে বুকে মুখ গুঁজে। মায়ের আদর কি নানি দিতে পারে?’

মেয়ের খুনের ঘটনায় কাউকে সন্দেহ করেন কি না বা বাবুল আক্তার কিছু বলেন কি না, জানতে চাইলে শাহিদা বলেন, ‘বাবুল এমনিতেও কম কথা বলে। এখন ও কিছু বলে না।’

অারও পড়ুন :-