মিত্রবাহিনীর স্মরণে স্মৃতিস্তম্ভ হচ্ছে
মহান মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মারণ রাখতে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।গত বৃহস্পতিবার এই স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র।জানা গেছে, অগ্রাধিকার ভিত্তিতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এর নির্মাণব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা।জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে মিত্রবাহিনীর অবদান স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান নির্বাচন নিয়ে কিছুটা জটিলতা ছিল। কেউ কেউ বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক। আবার কেউ প্রস্তাব করেছিলেন সোনারগাঁ হোটেলের সামনের পার্কে করার জন্য। এ বিষয়ে প্রকল্পের বিশেষজ্ঞ কমিটির মতামত নেওয়া হয়েছে। সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যানে এই স্মৃতিস্তম্ভ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সম্প্রতি গণপূর্ত মন্ত্রণালয়ে স্মৃতিস্তম্ভের স্থান নির্ধারণী বৈঠকে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনের সোহরাওয়ার্দী উদ্যানে মিত্রবাহিনীর নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য কিছু মুক্তিযোদ্ধাকে নিয়ে একটি স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। প্রতিবছরের ডিসেম্বরে তাঁরা এই স্মৃতিফলকে সম্মান জানান। সুতরাং সেখানে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যেতে পারে।সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধি এ বিষয়ে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক বলয় তৈরি করা হয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক স্থানের রক্ষণাবেক্ষণের জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে মিত্রবাহিনীর স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পটি সোহরাওয়ার্দী উদ্যানে বাস্তবায়ন করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, এই প্রকল্পের জন্য স্থাপত্য অধিদপ্তর স্থাপত্য নকশা তৈরি করবে এবং গণপূর্ত অধিদপ্তর প্রকল্পের ব্যয় প্রাক্কলন করবে। সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।