মিথাত স্বপ্ন দেখেন যুদ্ধ-হানাহানি মুক্ত পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করেছে। কিন্তু যুদ্ধাপরাধীদের যে রাজনীতি তাকে পরাজিত করতে পারেনি। নির্মূল করাতো দূরের কথা, প্রতিরোধও করা সম্ভব হচ্ছে না। ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রশাসন, অর্থনীতিসহ সব জায়গায় ওহাবিবাদীরা শেকড় গেড়ে বসেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয়। তাই এদের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয়ভাবে মোকাবিলা করতে হবে।

আজ বৃহস্পতিবার শহীদ জননী জাহানারা ইমামের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘ ‘সুফি সাধকদের মানবতার ইসলাম বনাম ওহাবি মওদুদিবাদীদের সন্ত্রাসের ইসলাম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে এ আলোচনা সভার আগে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির নির্মিত ‘মিথাতের স্বপ্ন’ শীর্ষক প্রামাণ্যচিত্রটি দেখানো হয়।

প্রামাণ্যচিত্র নির্মাণ সম্পর্কে শাহরিয়ার কবির জানান, মৌলবাদী সন্ত্রাসের বিরুদ্ধে ধর্মীয়ভাবে বিরোধিতা করার জন্যই সুফিবাদকে প্রাধান্য দিয়ে এ প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। সুফি সাধক আফগানিস্তানে জন্ম নেওয়া জালালউদ্দিন রুমি (১২০৭-১২৭৩ খৃঃ) তুরস্কের কোনিয়ায় মারা যান। কোনিয়ার মেভলানা কালচারাল সেন্টারের পরিচালক ফাহরি ওযচাকল দরবেশদের বড় সংগঠন সুফি মিউজিক এনসেম্বলের প্রধান। তাঁর ছেলে মিথাত ওযচাকলকে নিয়েই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। ইংরেজি ভাষায় পারদর্শী মিথাত বর্তমান বিশ্বে ওহাবি-মওদুদীবাদীরা যে সন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তাকে জেহাদ মনে করেন না। কেননা ইসলাম কখনোই নরহত্যা ও সন্ত্রাস পছন্দ করে না। মিথাত সুফিদের দর্শন চর্চার পাশাপাশি সেমা (নৃত্য সাধনা) সাধনা করেন। বাঁশি বাজান। বিখ্যাত ব্যক্তিদের কবিতা, গল্প পড়েন। এই মিথাত স্বপ্ন দেখেন একদিন যুদ্ধ, হানাহানির অভিশাপ থেকে মুক্তি পাবে পৃথিবী।

প্রামাণ্যচিত্র সম্পর্কে আলোচনা সভায় রাশেদ খান মেননও বলেন, ইংরেজি ডাবিং করা এ প্রামাণ্যচিত্রটি জাহানারা ইমামের জীবনের সঙ্গেও প্রাসঙ্গিক। তিনিও মওদুদীবাদী, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।

বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, পাকিস্তান আমলের চেয়ে বর্তমান সরকারের আমলে ধর্মের প্রভাব বেশি দেখা যাচ্ছে, যা মেনে নেওয়া কষ্টকর। বর্তমান সরকার ধর্মকে বেশি প্রশ্রয় দিচ্ছে। সরকার হেফাজতকে যতই তোষামোদ করুক হেফাজতের ভোট আওয়ামী লীগে পড়বে না।

অধ্যাপক মুনতাসীর মামুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় নির্মিত ‘মিথাতের স্বপ্ন’ শীর্ষক প্রামাণ্যচিত্রটি বাংলায় ডাবিং করতে ও প্রচারে সহায়তা করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মওলানা জিয়াউল হাসান বলেন, সন্ত্রাস, ওহাবিবাদ, মওদুদীবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। জঙ্গিবাদ, মৌলবাদ হচ্ছে রাজনৈতিক ইসলামের রূপ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শফিক আহমেদ। সভায় অন্যান্যদের মধ্যে চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন আলোচনায় অংশ নেন।