মিথ্যা আশ্বাস দিয়ে কোনো ব্যক্তিকে বিদেশে পাঠালে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং কমপক্ষে এক লাখ টাকা জরিমানার বিধান রেখে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী বিল ২০১৩ সংসদে উত্থাপিত হয়েছে। গতকাল রোববার প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিলটি উত্থাপন করেন।
উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, আইন লঙ্ঘন করে কোনো ব্যক্তিকে চাকরি দিয়ে বিদেশে পাঠালে, কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস দিয়ে কোনো ব্যক্তির কাছ থেকে টাকা বা মূল্যবান বস্তু গ্রহণ করলে, অধিক বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে কোনো ব্যক্তিকে বিদেশে পাঠালে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
এ ছাড়া গতকাল পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (সংশোধন) বিল-২০১৩ সংসদে উত্থাপিত হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বিলটি উত্থাপন করেন। উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য পাট ও বস্ত্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিল পাস: বাংলা একাডেমীর প্রশাসনিক পুনর্গঠন ও কাজের পরিধি বাড়াতে ‘বাংলা একাডেমি বিল-২০১৩’ গতকাল সংসদে পাস করা হয়েছে। সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলে বলা হয়েছে, বাংলা একাডেমী বাংলা শব্দের প্রমিত বানান ও উচ্চারণ নির্ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিলে বিদেশি লেখক ও গবেষকদের আমন্ত্রণ জানানো, বাংলা একাডেমীতে চেয়ার প্রতিষ্ঠা, প্রয়োজনে বিভিন্ন কেন্দ্র ও ইনস্টিটিউট স্থাপনের ক্ষমতা একাডেমীকে দেওয়া হয়েছে।