মিথ্যা তথ্য দিয়ে কনস্টেবল পদে নিয়োগ পাওয়ার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা তথ্য দিয়ে এক যুবক পুলিশ কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন। ওই যুবক কুষ্টিয়ার বাসিন্দা হয়েও চুয়াডাঙ্গা জেলার কোটায় নিয়োগ পরীক্ষায় অংশ নেন। পরে পুলিশের নিয়োগদানকারী কর্তৃপক্ষ ঠিকানা যাচাই করতে গেলে তাঁর এ প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। ওই যুবকের নাম লিটন হোসেন। তাঁর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজিতপুর গ্রামে। জানা গেছে, ২০ মে চুয়াডাঙ্গা জেলায় পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগের পরীক্ষা হয়। জেলার জন্য নির্ধারিত ২৩টি পদের জন্য মোট ২৩৮ জন লিখিত পরীক্ষায় অংশ নেয়। এতে লিটন হোসেনসহ ২৯ জন উত্তীর্ণ হয়। উত্তীর্ণ ব্যক্তিদের মৌখিক পরীক্ষা হয় ২১ মে। এদিকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের দেওয়া ঠিকানা যাচাই করে দেখার জন্য পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়। সে অনুযায়ী আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ফৌজিয়া ২৮ মে লিটন হোসেনের দেওয়া ঠিকানা অনুযায়ী লিটন হোসেন, পিতা: হানিফ মোল্লা, গ্রাম: রাধিকাগঞ্জ উপজেলা: আলমডাঙ্গা, জেলা: চুয়াডাঙ্গায় গিয়ে তাঁর পরিবারের কাউকে পাননি। এলাকাবাসী জানায়, লিটন হোসেনের পরিবারের সদস্যরা চার বছর আগে রাধিকাগঞ্জের শহিদুল ইসলামের বাড়িতে ভাড়ায় থাকতেন। পরে তাঁরা আলমডাঙ্গা শহরের মিয়া পাড়ার শমসের মল্লিকের বাড়ি ভাড়া নেন। খোঁজ নিয়ে জানা গেছে, লিটন হোসেন মিরপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি ও হালসা কলেজ থেকে ২০০৯ সালে এইচএসসি পাস করেন। ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ভর্তির সময় স্থায়ী ঠিকানা বাজিতপুরই উল্লেখ করা হয়েছে। তিনি গত বছর কুষ্টিয়ায় জেলা পুলিশে কনস্টেবল পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে না পারায় নতুন এই কৌশল নিয়েছেন বলে পুলিশি তদন্তে প্রকাশ পেয়েছে। একই সঙ্গে সরকারি নিয়োগ বিধি অনুযায়ী যে ব্যক্তি যে জেলার বাসিন্দা, সেই জেলার কোটাতেই তাঁকে নিয়োগ দেওয়া হবে। এ ক্ষেত্রে লিটন হোসেন কুষ্টিয়ার বাসিন্দা হয়ে চুয়াডাঙ্গার কোটায় নিয়োগ পাওয়ার চেষ্টা চালিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘স্থায়ী ঠিকানা গোপন করে লিটন হোসেন যে প্রতারণা করেছেন, তাঁর জন্য শাস্তির উদ্যোগ নেওয়া দরকার। কারণ, চাকরিকালে লিটন যদি কোনো অপরাধে জড়িয়ে পড়েন তাহলে তাঁকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না।’ লিটন হোসেন জানান, তাঁর দরখাস্তে লেখা স্থায়ী ঠিকানা আলমডাঙ্গার রাধিকাগঞ্জ এবং অস্থায়ী ঠিকানা কুষ্টিয়ার বাজিতপুরই সঠিক। তিনি কুষ্টিয়ায় কোনো নিয়োগ পরীক্ষায় অংশ নেননি, কোনো মিথ্যা তথ্যও দেননি। পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চেয়ে থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে কারও বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’