মিথ্যা তথ্য দেওয়ায় কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার আশ্রয় নেওয়ায় ও আদালতকে বিভ্রান্ত করায় ফেঁসে গেছেন একটি এনজিওর এক কর্মী। গত বৃহস্পতিবার যৌতুক মামলায় একই আদালতে জামিন চাইতে এলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন।
ওই ব্যক্তি হলেন বগুড়ার ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের আসাদুজ্জামান নূর। তিনি আফাজ উদ্দিনের ছেলে এবং পল্লি উন্নয়ন বোর্ডের আওতাধীন এনজিও পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) মাঠ সংগঠক।
তাঁর প্রথম স্ত্রী তাসলিমা খাতুনের দায়ের করা যৌতুক মামলায় বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪-এর (ধুনট উপজেলার আমলি আদালত) বিচারক খন্দকার মো. তোফায়েল আহমেদ তাঁকে কারাগারে পাঠান।
তাসলিমা খাতুনকে বর্তমানে আইনি সহায়তা দিচ্ছে মানবাধিকার ও আইনি সহায়তা প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
বগুড়ার আদালত সূত্র ও ব্লাস্টের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালের ২২ জুন পারিবারিকভাবে আসাদুজ্জামান নূরের সঙ্গে ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে তাসলিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর আসাদুজ্জামান পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে মাঠ সংগঠক পদে চাকরি পান। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালে সেখানে এক সদস্যার স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এতে করে প্রথম স্ত্রী তাসলিমা খাতুনের সঙ্গে দাম্পত্য কলহ বাড়তে থাকে। একপর্যায়ে আসাদুজ্জামান তাসলিমাকে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় আট মাসের সন্তানসম্ভবা তাসলিমাকে গত বছরের ৩০ এপ্রিল নির্মম নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেন আসাদুজ্জামান। এরপর দীর্ঘদিনেও খোঁজখবর না নেওয়ায় স্বামী আসাদুজ্জামানের বিরুদ্ধে গত ৬ আগস্ট বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন তাসলিমা। ওই মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত বছরের ১৫ অক্টোবর তাসলিমা একটি পুত্রসন্তানের জন্ম দেন। ঠিক তার পরদিনই আদালতে হাজির হয়ে অন্তর্বর্তীকালীন জামিন নেন আসাদুজ্জামান।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও বাবা হিসেবে খোঁজখবর না নেওয়ায় ২৫ সেপ্টেম্বর আসাদুজ্জামানের বিরুদ্ধে একই আদালতে খোরপোষের আরেকটি পৃথক মামলা দায়ের করেন তাসলিমা।
২ নভেম্বর গোপনে তাসলিমাকে একতরফা তালাক দেন আসাদুজ্জামান। এরপর ৫ ডিসেম্বর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আবুদিয়াচর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে গোপনে বিয়ে করেন তিনি। তবে প্রথম স্ত্রীকে তালাক ও দ্বিতীয় বিয়ের কথা গোপন রাখেন তিনি।
দ্বিতীয় বিয়ের কথা আদালতের নজরে আনার পর অবস্থা বেগতিক বুঝতে পেরে ২২ ডিসেম্বর আদালতে লিখিত মুচলেকা ও অঙ্গীকারনামা দেন আসাদুজ্জামান। তাতে তিনি উল্লেখ করেন, ‘তাসলিমা ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হই নাই এবং অদ্য হইতে তাসলিমার সঙ্গে ঘর-সংসার করিব।’
মোসলেম উদ্দিন বলেন, ‘স্ত্রী-সন্তানকে নিয়ে ঘরসংসার করার শর্তে আদালতে অঙ্গীকারনামা দিলেও আদালত থেকে বেরিয়ে স্ত্রী-সন্তানের খোঁজখবর না নিয়ে চম্পট দেন আসাদুজ্জামান। পরে আইনজীবীর মাধ্যমে একতরফা তালাকের কাগজ আদালতে দাখিল করেন। আমরাও আইনজীবীর মাধ্যমে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া নাবালিকা স্কুলছাত্রীকে বিয়ে করার তথ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করি।’
আইনি সহায়তা প্রতিষ্ঠান ব্লাস্টের আইনজীবী হুসনে নূর রশীদ প্রথম আলোকে বলেন, ‘আসাদুজ্জামান প্রথম স্ত্রীকে তালাক এবং দ্বিতীয় বিয়ের কথা গোপন রেখে আদালতে লিখিত মুচলেকা দিয়ে জামিনের মেয়াদ বাড়িয়ে নিয়েছিলেন। আমরা তাঁর এসব প্রতারণার ব্যাপারে তথ্য-উপাত্ত আদালতে দাখিল করেছি। আদালত প্রতারণার প্রমাণ পেয়ে তাঁকে হাজতবাসের জন্য কারাগারে পাঠিয়েছেন। আদালতের সঙ্গে প্রতারণা এবং হাজতবাসের বিষয়টি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।’
পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নাটোর অঞ্চলের উপপরিচালক আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘আসাদুজ্জামান নূর নামের ওই মাঠ সংগঠক রায়গঞ্জে কর্মরত থাকাকালে সংস্থার এক সদস্যার মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কিছু অর্থ কেলেঙ্কারির প্রমাণ পাওয়ায় সম্প্রতি তাঁকে রাজশাহীর পবা উপজেলায় বদলি করা হয়েছে। এখন যৌতুকের মামলায় হাজতবাসের বিষয়টি কেউ লিখিতভাবে জানালে সংস্থার নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’