মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের নেজারত শাখার নাজির মো. ইলিয়াছ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, নেজারত শাখায় জাতীয়তা সনদপত্র বই থাকা সত্ত্বেও ইলিয়াছ চৌধুরী এক ওয়ার্ড সচিবকে নেই বলে জানান। করপোরেশনের সচিব মজুত নিবন্ধন খাতা যাচাই করলে বই থাকার প্রমাণ পান। পরে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ইলিয়াছ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহরের ওয়ার্ড সচিব মনসুর আলী জাতীয়তা সনদ বই নেওয়ার জন্য গত সোমবার নগর ভবনে আসেন। কিন্তু নাজির ইলিয়াছ চৌধুরী তাঁকে বই নেই বলে জানান। এরপর দক্ষিণ হালিশহরের ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক বিষয়টি সচিব রশিদ আহমদকে জানান।