মিথ্যা তথ্য দেওয়ায় এসআইয়ের বিরুদ্ধে বিচারকের মামলা
আসামিপক্ষের হয়ে আদালতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এক তদন্ত কর্মকর্তা এসআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন এক বিচারক। বরিশালের জ্যেষ্ঠ মহানগর বিচারিক হাকিম তরুণ বাছাড় দণ্ডবিধির ১৭৭ ধারায় মামলাটি করেছেন।
গতকাল রোববার দুপুরে মুখ্য মহানগর হাকিম (ভারপ্রাপ্ত) অমিত কুমার দে মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামকে নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, মুলাদি থানায় করা একটি মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন থানার এসআই মো. নাসিরউদ্দিন। ওই মামলায় বাদী ও আসামিপক্ষের মধ্যে স্থানীয়ভাবে কোনো আপস-মীমাংসা না হলেও তদন্ত কর্মকর্তা আপস-মীমাংসা হয়েছে বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এই প্রতিবেদনের বিরুদ্ধে গত ২৭ মার্চ আদালতে নারাজি আবেদন করেন বাদী। এর পরিপ্রেক্ষিতে ওই দিনই তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে নারাজি আবেদনসহ চূড়ান্ত প্রতিবেদনের ওপর ৩ এপ্রিল শুনানির দিন ধার্য করেন আদালত। তা ছাড়া তদন্ত কর্মকর্তাকে ধার্য তারিখে আদালতে হাজির হওয়ার সমনও পাঠানো হয়। কিন্তু গতকাল নির্ধারিত তারিখে তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত হননি। মিথ্যা তথ্য দেওয়ায় বিচারক তরুণ বাছাড় মুখ্য নাসিরউদ্দিনের বিরুদ্ধে মামলা করেন।