মিথ্যা তথ্য প্রদানকারীদের ধরিয়ে দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বৈত ভোটার এবং মিথ্যা তথ্য প্রদানকারীদের শনাক্ত করতে বা ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।কাল শনিবার থেকে শুরু হতে যাওয়া ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। সিইসি স্মরণ করিয়ে দিয়ে বলেন, মিথ্যা বা ভুল তথ্য দিয়ে ভোটার হলে কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। তিনি জানান, শনিবার বেলা ১১টায় সাভারে প্রতীকীভাবে হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করা হবে।কাজী রকিবউদ্দিন আহমদ জানান, এবারের হালনাগাদে ভোটারদের নতুন চারটি তথ্য দিতে হবে। এগুলো হলো: ভোটারের পিতা ও মাতা, স্বামী/স্ত্রী এবং জন্মনিবন্ধনের পরিচিতি নম্বর। তবে ইতিমধ্যে যাঁরা ভোটার হয়েছেন, তাঁদের জন্য বিষয়টি প্রযোজ্য হবে না। তিনি জানান, ২০১৩ সালের জানুয়ারি পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব হবে, তাঁদের ভোটার করা হবে। প্রথম তিন ধাপে ১৪০টি করে উপজেলায় এবং শেষ ধাপে ৯২টি উপজেলা ও সিটি করপোরেশনগুলোতে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ছিটমহলবাসীদের ব্যাপারেপরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।সিইসি জানান, ইতিমধ্যে যাঁরা তালিকাভুক্ত হয়েছেন, তাঁদের অনেকেই জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি। বিতরণ না হওয়া এসব পরিচয়পত্র হালনাগাদের সময় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, এবারের হালনাগাদে ৫৭ হাজার ৬০৭ জন তথ্য সংগ্রহকারী, ১১ হাজার ৫২১ জন সুপারভাইজার, ১৬২টি নিবন্ধন দল এবং ২৩০ জন কারিগরি বিশেষজ্ঞ কাজ করবেন। ছবি তোলাসহ নিবন্ধনের জন্য কেন্দ্র থাকবে পাঁচ হাজার ১১৫টি। হালনাগাদে আনুমানিক ৭০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারে।