মিথ্যা তথ্য প্রদানসংক্রান্ত ধারা বাতিল নিয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশোধিত দুর্নীতি দমন কমিশন আইনের মিথ্যা তথ্য প্রদানের দণ্ডসংক্রান্ত ২৮(গ) ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার এ রুল দেন। স্পিকার, মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, আইনসচিব ও দুদকের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত বছরের ১০ নভেম্বর সংসদে দুর্নীতি দমন কমিশন সংশোধন বিল পাস হয়। সংশোধনীতে আনা মিথ্যা তথ্য প্রদানের দণ্ডসংক্রান্ত ২৮(গ) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার আইনজীবী ইউনূস আলী আকন্দ রিটটি করেন। গতকাল রিটের পক্ষে তিনিই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
ধারা ২৮(গ)-এর ১ তে বলা হয়, মিথ্যা জানিয়া বা তথ্যে সত্যের সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কোনো ব্যক্তি ভিত্তিহীন তথ্য (যে তথ্যের ভিত্তিতে এ আইনের অধীনে তদন্ত, বিচারকার্য পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে) প্রদান করলে তিনি মিথ্যা তথ্য প্রদান করেছেন বলে গণ্য হবে। ২-তে বলা হয়, কোনো ব্যক্তি উপধারা (১) এ উল্লিখিত কোনো মিথ্যা তথ্য প্রদান করলে তিনি এ ধারার অধীন অপরাধ করছেন বলে গণ্য হবে। ওই অপরাধের জন্য তিনি অন্যূন দুই বছর বা অনধিক পাঁচ বছর সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। উপধারা ৩ বলা হয়, তথ্য প্রদানকারী কমিশনের বা সরকারি কর্মকর্তা-কর্মচারী হলে এবং তিনি উপধারা ১-এ উল্লিখিত কোনো মিথ্যা তথ্য প্রদান করলে তাঁর বিরুদ্ধে উপধারা ২-এ উল্লিখিত দণ্ড প্রদান করা হবে।