মিথ্যা তথ্যে অভিযোগ, ব্যবস্থা নিচ্ছে দুদক
মিথ্যা তথ্য দিয়ে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির তিন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার কমিশন এ সিদ্ধান্ত নেয় বলে সংস্থার উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, দুদকের ইতিহাসে এ ধরনের ব্যবস্থা এটাই প্রথম। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ (সংশোধনী-২০১৩)-এর ২৮ (গ) ধারায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিলে সেই অপরাধের জন্য দুই থেকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
অভিযুক্ত ব্যক্তি হলেন মো. আহসান হাবিব। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির আওতাধীন গোটাপাড়া আর্সেনিক ও সিএডি উপপ্রকল্পে বাগেরহাটে ক্রেডিট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
দুদক সূত্র জানায়, আহসান হাবিব ২০০৬ থেকে ১১ সাল পর্যন্ত বাগেরহাটে কর্মরত থাকার সময় প্রকল্পের আওতায় সুবিধাভোগী সদস্যদের কাছ থেকে ঋণের কিস্তি ও সঞ্চয় বাবদ ৪ লাখ ১১ হাজার ৬৯৪ টাকা আদায় করে প্রতিষ্ঠানের হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় একাডেমি কর্তৃপক্ষ আহসান হাবিবের বিরুদ্ধে পিটিশন মামলা করে। পাশাপাশি তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলার ঘটনাটি অনুসন্ধান করে দুদক। দুদকের অনুসন্ধানেও আত্মসাতের বিষয়টি প্রমাণ হলে ২০১৫ সালে বাগেরহাট সদর থানায় মামলা করে দুদক।
পরে আহসান হাবিব একাডেমির সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্রের ভারপ্রাপ্ত মহাপরিচালক এম এ মতিন, পরিচালক মো. মাহমুদ হোসেন খান ও পরিচালক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে একটি পিটিশন মামলা করেন। তিনি অভিযোগ করেন, ওই তিনজন একাডেমির সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্রে ‘রিসোর্স ইনভেস্টিগেটর’ পদে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা নিয়ে চাকরি দেননি। মামলাটিরও অনুসন্ধান করে দুদক। অনুসন্ধানে দেখা যায়, ওই সময় ‘রিসোর্স ইনভেস্টিগেটর’ পদে নিয়োগের জন্য কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এমনকি আহসান এ রকম কোনো পদের জন্য আবেদনও করেননি।
অনুসন্ধান শেষে অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির সিদ্ধান্ত নেয় কমিশন। পাশাপাশি অভিযোগকারী মো. আহসান হাবিবের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।