মিথ্যা পরিচয়ে সাক্ষ্য, তিনজনের কারাদণ্ড
মিথ্যা পরিচয়ে সাক্ষ্য দেওয়ায় বাদী ও দুই সাক্ষীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আসামিদের আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ মঙ্গলবার বিকেলে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুল আল আমীন এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, নাটোরের গুরুদাসপুর উপজেলার বামনখোলা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা করেন। আজ ওই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। বাদী সেলিনা বেগম তাঁর আরজিতে উল্লেখ করা বাবু মোল্লা ও সেলিম হোসেনকে সাক্ষী হিসেবে হাজির করেন। সাক্ষ্য গ্রহণকালে সাক্ষীদের নাম–পরিচয় নিয়ে বিচারকের সন্দেহ হয়। এ সময় বিচারকের জেরার মুখে ওই সাক্ষী দুজন মিথ্যা পরিচয়ে সাক্ষ্য দেওয়ার কথা স্বীকার করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই দুজন প্রকৃতপক্ষে গুরুদাসপুর উপজেলার মশিন্দা গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন ও বামন খোলা গ্রামের জামাল সরকারের ছেলে জুয়েল রানা। পরিচয় গোপন করে সাক্ষ্য দেওয়ায় আদালত স্বতঃপ্রণোদিত হয়ে বাদী ও ওই দুজন সাক্ষীর বিরুদ্ধে পরিচয় গোপন করে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ গঠন করেন। আদালত ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাদী ও ওই দুই সাক্ষীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
আদালতের স্টেনোগ্রাফার রকিবুল ইসলাম ওই দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন।
বাদীপক্ষের আইনজীবী নবাব আলী জানান, সাক্ষীদের প্রকৃত পরিচয় তাঁর জানা ছিল না। প্রতারণার বিষয়টি জানা থাকলে তিনি এই সাক্ষীদের আদালতে উপস্থাপন করতেন না।