মিথ্যা প্রচার বন্ধ করে সোজা পথে আসুন: খালেদা
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করে সরকার উন্নয়নের কথা বলার নামে ‘মিথ্যা প্রচারণা’ চালাচ্ছে। তিনি বলেন, ‘গত পাঁচ বছরে দেশের মানুষ কোনো উন্নয়নের সুফল পায়নি। সরকারকে বলব, মিথ্যা প্রচার বন্ধ করে সোজা পথে আসুন।’ঈদের দিন শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া এ অভিযোগ করেন। এরপর তিনি দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে ‘সবার জন্য সমান’ সুযোগ সৃষ্টি করা হলে বিএনপি আর আন্দোলন করবে না বলেও জানিয়েছেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘এখনো সময় আছে, দেশ ও জনগণকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে সংসদে নির্দলীয় সরকারের বিল পাস করে নির্বাচন দিন। আমরা আর আন্দোলন করব না। ওই নির্বাচনে যে ফলাফল হবে, তা মেনে নেব।’দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আমরা দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন চাই। বিএনপি বিভক্তির রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা ঐক্যের রাজনীতি চাই।’ তিনি বলেন, সরকার প্রতি পদে ব্যর্থ। সরকারি দলের লুটপাট, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে দেশবাসী ভালো নেই। তারা শান্তিমতো ঈদও করতে পারছে না। নির্বাচন সামনে রেখে নতুন প্রজন্মকেও নিজের পক্ষে ডেকেছেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘তোমরা আমাদের সঙ্গে এসো। তোমাদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেব।’কয়েক বছর ধরে লেডিস ক্লাবে শুভেচ্ছা বিনিময় করলেও এবারই প্রথম খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকে শুভেচ্ছা বিনিময়ের জন্য বেছে নেন।