মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবেন না: প্রধানমন্ত্রী

প্রধান বিরোধী দল বিএনপি মিথ্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘এদের মিথ্যা ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় আছে, দেশের মানুষ উন্নত জীবন পাবে। বিএনপির অভ্যাস দুর্নীতি ও মানি লন্ডারিং। তারা মানুষ হত্যা করতে ক্ষমতায় আসবে।’
আজ শুক্রবার গণভবনে জেলা ও উপজেলা পর্যায়ের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে ‘মিথ্যা’ বলে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘আমাদের বিএনপি নেতা সব জায়গায় মিথ্যা বক্তৃতা দিয়ে যাচ্ছেন। শাপলা চত্বর নিয়ে প্রচারণা চালাচ্ছেন। নিহতদের ভুয়া তালিকা দিচ্ছেন।’
শেখ হাসিনা আরও অভিযোগ করেন, ‘বিএনপি নারীদের নির্বাচনী প্রচারণায় নামিয়েছে। তারা গ্রামে গিয়ে সরল মানুষদের কাছে অপবাদ ছাড়াচ্ছে। তারা বলছে, আওয়ামী লীগ সব মুসলমান মেরে ফেলে দিয়েছে। মসজিদে আজান হবে না। কেউ মরলে জানাজা হবে না। একই ধরনের প্রচারণা বিএনপি ১৯৯৬ সালে নির্বাচনের সময় চালিয়েছিল।’ এসব ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য তিনি তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানান।