রাজশাহীতে সিফাত হত্যা মামলায় ময়নাতদন্তের মিথ্যা প্রতিবেদন দেওয়ায় এক চিকিৎসককে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আহম্মেদ আলী রাজশাহীর মহানগর মুখ্য হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযুক্ত চিকিৎসকের নাম জোবাইদুর রহমান। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। বর্তমানে তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন নিহত সিফাতের স্বামী আসিফ, শ্বশুর হোসেন মোহাম্মদ রমজান, শাশুড়ি নাজমুন নাহার। চার আসামির মধ্যে আসিফ কারাগারে ও তাঁর বাবা-মা জামিনে রয়েছেন।
নিহত গৃহবধূ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। তাঁর পুরো নাম ওয়াহিদা সিফাত। মামলার তদন্ত কর্মকর্তা বলেন, দীর্ঘ তদন্তে সিফাতকে হত্যার প্রমাণ মিলেছে। আঘাতজনিত কারণে সিফাতের মৃত্যু হয়। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন সিফাতের মৃত্যুর ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেন। এ ছাড়া প্রথম ময়নাতদন্তের চিকিৎসক জোবাইদুর রহমান আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়টি গোপন করে আত্মহত্যার মিথ্যা প্রতিবেদন দেন। কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনে আঘাতজনিত কারণে সিফাতের মৃত্যু হয় বলে উল্লেখ করা হয়।
গত বছরের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়িতে মৃত্যু হয় গৃহবধূ ওয়াহিদা সিফাতের। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় মহানগরের রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ আনা হয়। প্রথমে মামলাটির তদন্ত মহানগর গোয়েন্দা পুলিশকে দেওয়া হলেও পরে সিআইডিতে স্থানান্তর করা হয়।
মুঠোফোনে যোগাযোগ করা হলে চিকিৎসক জোবাইদুর রহমান ফোন ধরেননি।