মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে অন্যের সাজা ভোগ করছিলেন কামাল ইউনুস। কারাগারে যাওয়ার আগে তাঁকে কথা দেওয়া হয়, কিছুদিনের মধ্যে জামিনের ব্যবস্থা করে দেওয়া হবে। কথামতো কাজও হয়। কিন্তু গন্ডগোলটা বাধে কারাগার থেকে ছাড়া পাওয়ার সময়। কোনো আসামি বা কয়েদির (সাজাপ্রাপ্ত) জামিননামা কারাগারে এলে নিয়ম অনুযায়ী কারা কর্মকর্তারা বন্দীর কাছে পরিবার ও মামলা সম্পর্কে জানতে চান। দুর্নীতির দায়ে কারাগারে এলেও কামাল বলেন তাঁর মামলাটি গাঁজা উদ্ধারের মামলা।
কামালের কারাগারে যাওয়ার কৌশলটাও অভিনব। দুর্নীতির ওই মামলার রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন প্রকৃত আসামি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আনিসুজ্জামান ইকবাল। পরে আইনজীবীর মাধ্যমে গত বছরের ১৫ নভেম্বর আনিসুজ্জামান সেজে আদালতে আত্মসমপর্ণ করেন কামাল। অথচ তাঁর নামে কোনো মামলা নেই। তিনি রিকশাচালক। তাঁর বাড়িও ব্রাহ্মণবাড়িয়ায়। আনিসুজ্জামান তাঁর পূর্ব পরিচিত। কেবল টাকার জন্য এই কাজ করেছেন বলে গতকাল সোমবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে প্রথম আলোকে জানান কামাল। তাঁর দাবি, দুর্নীতির মামলার কথা তাঁকে বলেননি আনিসুজ্জামান। বলেছিলেন গাঁজার মামলা।
আদালত সূত্র জানায়, আমদানিকারকের পক্ষে বন্দর থেকে পণ্য খালাসে নিয়োজিত একটি প্রতিষ্ঠানের মালিক আনিসুজ্জামান। বেশ কয়েক বছর আগে একটি প্রতিষ্ঠানের আমদানি করা টায়ার-টিউব জাল-জালিয়াতির মাধ্যমে বন্দর থেকে ছাড়িয়ে নেন তিনি। এ ঘটনায় দুর্নীতি দমন ব্যুরোর (বর্তমানে দুর্নীতি দমন কমিশন) পরিদর্শক আবদুল আজিজ ভুঁইয়া বাদী হয়ে ১৯৮৮ সালের ৩০ নভেম্বর চট্টগ্রামের বন্দর থানায় আনিসুজ্জামানকে আসামি করে দুর্নীতির অভিযোগে চারটি মামলা করেন। ২০০৮ সালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত চারটি মামলায় প্রতিটিতে আসামি আনিসুজ্জামানকে ৮ বছর করে মোট ৩২ বছরের কারাদণ্ড দেন। মামলা করার পর থেকে কখনো গ্রেপ্তার করা যায়নি তাঁকে। রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন।
আদালত সূত্র জানায়, ৮ বছর পর ২০১৬ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন আনিসুজ্জামান (প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেন কামাল)। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর আসামির আইনজীবী গত ২১ নভেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন ও রায়ের বিরুদ্ধে আপিল করেন। এরপর ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম আদালত থেকে জামিন পান আসামি। জামিননামা কারাগারে আসার পর ১৪ ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার জন্য আনিসুজ্জামানকে কয়েদি ওয়ার্ড থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (জেল সুপার) ইকবাল কবীরের কার্যালয়ে আনা হয়। তখনই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে থলের বিড়াল।
এ বিষয়ে জেল সুপার ইকবাল কবীর প্রথম আলোকে বলেন, জামিনে মুক্তি দেওয়ার সময় কামালের কাছে নিয়ম অনুযায়ী কিছু প্রশ্ন করা হলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। বিষয়টি প্রথমে মৌখিকভাবে ও পরে লিখিতভাবে আদালতকে জানানো হয়। গতকাল দুপুরে কামালকে হাজির করা হয়। সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন কামাল।
আনিসুজ্জামানের বদলে কামালকে আদালতে আত্মসমর্পণ করানো, রায়ের বিরুদ্ধে আপিল ও জামিন আবেদন করার বিষয়ে আইনজীবী অলি আহমদ প্রথম আলোকে বলেন, আনিসুজ্জামান পরিচয় দিয়ে ওই ব্যক্তি (কামাল) তাঁর কাছে আসেন এবং মামলা লড়তে বলেন। যা ঘটেছে এর জন্য তিনি দুঃখিত বলে জানান।