মিথ্যা বলেও পার পেলেন না তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা। ফাইল ছবি
ইয়াবা। ফাইল ছবি

পুলিশের চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ইয়াবা নিয়ে যেতে প্রথমবার সফল হন পাচারকারী আবদুল্লাহ আল মামুন। কিন্তু ধরা পড়েছেন দ্বিতীয়বার। ধরা পড়ার পর মামলা থেকে পার পেতে আবারও কৌশলের আশ্রয় নেন মামুন। পুলিশের কাছে ভুয়া নাম-পরিচয় দেন তিনি। ভুয়া নাম-ঠিকানায় তাঁর বিরুদ্ধে মামলাও হয়। তবে এ কৌশলও বেশি দিন চলেনি। এক মাস পরই গোয়েন্দা পুলিশের কাছে তাঁর এই জারিজুরি ধরা পড়েছে।

১৯ মার্চ রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকা ও নগরের লালদীঘির পাড় থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় ৬৩ হাজার ইয়াবা ও ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন মিজানুর রহমান, জসিম উদ্দিন, আবুল বাশার, আবদুল্লাহ আল মামুন ও আবু তাহের। তাঁরা সবাই কুমিল্লার বাসিন্দা। চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো বিক্রির জন্য কুমিল্লার নিমসারে নিয়ে যাওয়া হচ্ছিল।

গ্রেপ্তার পাঁচ আসামির মধে৵ মিজানুর রহমান ও আবদুল্লাহ আল মামুন আপন ভাই। ধরা পড়ার পরও তাঁরা পুলিশের কাছে এ তথ্য গোপন করেন। আবদুল্লাহ আল মামুন তাঁর বাবার নাম বলেন মৃত আবদুল হান্নান। ঠিকানা দেন কুমিল্লার শাসনগাছা। এই ঠিকানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। পরে গোয়েন্দা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মামুন মিথ্যা বলেছেন। ২৫ মার্চ দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আবদুল্লাহ আল মামুন বিষয়টি স্বীকার করেন।

পুলিশ জানায়, মামুনের বাবার সঠিক নাম হলো আবদুল মান্নান। বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জিয়ানগরে। গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে কুমিল্লার বুড়িচং থানায় ২০০৬ এবং ২০১০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রয়েছে।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আসামি জামিনে গিয়ে পলাতক হলে আদালত তাঁর বিরুদ্ধে মামলার এজাহারে থাকা ঠিকানায় সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করতেন। কিন্তু বাবার নাম ও ঠিকানা ভুল থাকায় পরোয়ানাগুলো আদালতে ফেরত আসত। সংশ্লিষ্ট থানার পুলিশ তাঁকে খুঁজে পেত না। গ্রেপ্তার হলেও নিজেকে ওই মামলার আসামি নন দাবি করে সুযোগ নিতে পারতেন।

২৯ মার্চ মামুনকে আদালতে হাজির করা হয়। জানতে চাইলে তিনি বলেন, ‘ভুল করে ভুল ঠিকানা দিয়েছি।’ এর বেশি কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবরটি না পেলে ভুল নাম ও ঠিকানার আসামি মামলা থেকে পার পেয়ে যেতেন।