মিথ্যা মামলা করায় বসুন্ধরার পরিচালকের এক মাসের কারাদণ্ড
অপহরণের অভিযোগে মিথ্যা মামলা করায় আদালত বসুন্ধরা গ্রুপের পরিচালক শামসুদ্দিন আহমেদকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।এর আগে ৬ এপ্রিল কেন তাঁকে এ অভিযোগে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলেছিলেন আদালত। গতকাল সকালে শামসুদ্দিন আহমেদ তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে লিখিত জবাব দাখিল করেন। বাদীর লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় আদালত তাঁকে সাজা দেন। আদেশের সময় উপস্থিত না থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বসুন্ধরা গ্রুপের পরিচালক শামসুদ্দিন আহমেদের করা ওই মিথ্যা মামলায় আসামি করা হয় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামসহ চার ব্যক্তিকে। পরে ২০০৭ সালের ১৫ জুলাই নুরুল ইসলাম, তাঁর ছেলে শামীম ইসলামসহ তিনজনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়।আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৬ জুন বাদী শামসুদ্দিন আহমেদ তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতের বাইরে আপস-মীমাংসা করে মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করেন। আবেদনে বলা হয়, ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আদালতের বাইরে আত্মীয়স্বজনের সহযোগিতায় মামলাটি আপস-মীমাংসা করা হয়েছে। এ অবস্থায় মামলাটি প্রত্যাহারের অনুমতি প্রার্থনা করা হয়।