মিথ্যা মামলা করায় বাদী কারাগারে
নড়াইলে মিথ্যা মামলা দায়ের করায় মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক আবুল বাশার মুন্সি গত বুধবার দুপুরে মামলার বাদী বাবা ও মেয়েকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামের নাজমুল শেখ (৫০) ও সামিরা খাতুন (২৫)। সামিরার শ্বশুরবাড়ি একই ইউনিয়নের পাশের পাটেশ্বরী গ্রামে।
মামলার আর্জি সূত্রে জানা যায়, নাজমুল শেখের মেয়ে সামিরাকে পাচারের অভিযোগ এনে গত ২৪ জুলাই মানব পাচার দমন আইনে আদালতে মামলা করা হয়। মামলায় শরীয়তপুর জেলার জাজিরা এলাকার শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়। ৫ জুলাই সামিরাকে কালিয়া বাজার থেকে অপহরণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। আদালত কালিয়া থানা-পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন। গত মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তা কালিয়া থানার উপপরিদর্শক আবদুল করিম আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘটনার দিন সামিরা বাবার সঙ্গে রাগারাগি করে ভাইয়ের শ্বশুরবাড়ি শরীয়তপুরে যান। সামিরাকে সেখান থেকে উদ্ধার করা হয়। হয়রানির উদ্দেশে শ্বশুরবাড়ি এলাকার শাহ আলমসহ আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়।
বুধবার মামলার ধার্য তারিখে মামলার বাদী নাজমুল শেখ ও তাঁর মেয়ে সামিরা আদালতে হাজির হলে আদালত মিথ্যা মামলা করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।