মিথ্যা মামলা করায় বাদী হাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা মামলা করে জেলহাজতে গেলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উত্তরারা গ্রামের গৃহবধূ সোহাগী বেগম। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মুহাম্মদ নূরুল হুদা বাদীকে জেলহাজতে পাঠানোর ওই নির্দেশ দেন। বিচারক বলেন, ‘এ ধরনের পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা কমবে।’আদালত সূত্র জানায়, উত্তরারা গ্রামের সোহাগী বেগমের মেয়ে ২০০৯ সালের ৩ ডিসেম্বর প্রতিবেশী আলমগীর মণ্ডলের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। এর কিছুক্ষণ পর আলমগীর তাঁর মুঠোফোন খুঁজে না পেয়ে সন্দেহবশত ওই মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন। এ ঘটনায় কথা-কাটাকাটির একপর্যায়ে সোহাগী বেগমের সঙ্গে আলমগীরের হাতাহাতি হয়। এতে ক্ষুব্ধ হয়ে আলমগীরকে ফাঁসাতে সোহাগী বেগম গত বছরের ৪ জানুয়ারি মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। ওই মামলায় তিনি আলমগীরের বিরুদ্ধে তাঁর মেয়েকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনেন। আদালত থেকে মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দৌলতপুর থানাকে নির্দেশ দেওয়া হয়। পুলিশি তদন্তের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী আদালতের পক্ষ থেকে সোহাগীর মেয়ের জবানবন্দি নেওয়া হয়। জবানবন্দিতে ওই মেয়ে তাকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করার কথা অস্বীকার করে। এ ব্যাপারে বিচারিক হাকিম ইকবাল হোসেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন। এ ছাড়া দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সফিকুল ইসলামও আদালতে দেওয়া তদন্ত প্রতিবেদনে মামলাটি সত্য নয় বলে উল্লেখ করেন। এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আলমগীর মণ্ডলকে মামলা থেকে অব্যাহতি দিয়ে সোহাগী বেগমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ আনেন। সোহাগী বেগম গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।