মিথ্যা মামলা করায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকারী এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে মিথ্যা মামলা করার অপরাধে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্বাস উদ্দিন গতকাল মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ওই কর্মকর্তার নাম রমজান আলী (৫৬)। তিনি মাগুরা সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ১৯ ফেব্রুয়ারি তিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শামীম আহমেদের বিরুদ্ধে মামলা করেছিলেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি সদর উপজেলা নির্বাচনের দিন দুপুরে শামীম তাঁর লোকজন নিয়ে ভাবনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালান এবং ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তাকে মারধর করেন এবং ভয়ভীতি দেখিয়ে ভোট ডাকাতি করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। কয়েক দিন পর এ ঘটনায় ওই ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রমজান আলী বাদী হয়ে শামীম আহমেদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন।
আদালত সূত্র জানায়, গতকাল মামলার নির্ধারিত দিন রমজান আলী স্বতঃপ্রণোদিত হয়ে আদালতে উপস্থিত হন। তিনি আদালতকে বলেন, সদর থানার ওসির চাপের মুখে তিনি শামীম আহমেদের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় উল্লেখ করা সব অভিযোগ মিথ্যা। বিচারক মো. আব্বাস উদ্দিন ওই বক্তব্য শুনে রমজান আলীকে মিথ্যা মামলা করার অভিযোগে অভিযুক্ত করেন এবং তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।
সদর থানার ওসি এম এ হাসেম বলেন, ‘মামলা করতে আমি ওই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে চাপ দেওয়া দূরে থাক উৎসাহিতও করিনি।’