তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, জাতীয় সম্পদ রক্ষার দাবিতে ফুলবাড়ী আন্দোলনের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে গণ-আন্দোলন ঠেকানো যাবে না। গতকাল বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকায় জি এম পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে কমিটির ফুলবাড়ী শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, মিথ্যা মামলার ফল উল্টো হতে পারে। হয়রানির প্রতিবাদে ফুলবাড়ীসহ সংশ্লিষ্ট ছয়টি থানার বিক্ষুব্ধ মানুষ ২৬ আগস্টের মতো আরও একটি গণ-আন্দোলন গড়ে তুলতে দ্বিধা করবে না। আর তা সরকারের জন্য ভয়াবহ হতে পারে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম। আনু মুহাম্মদ আন্দোলনকারী নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছয় দফা চুক্তি বাস্তবায়নের দাবি জানান।