মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় নারীর কারাদণ্ড
ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার দায়ে এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি জেসমিন আক্তার বলেন, ২০১৩ সালের বাঁশখালীর ব্যবসায়ী হাসান কামালের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন রাবু সুলতানা। আদালত বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলে ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেওয়া হয়। পরে আদালত ব্যবসায়ীকে মামলা থেকে অব্যাহতি দেন। এ ঘটনার পর হাসান কামাল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে রাবু সুলতানার বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা করেন। দুজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।