মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কয়েক শ মানুষ তাঁদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার রংপুর বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।
তাঁদের অভিযোগ, জমি দখল করার জন্য তাঁদের এভাবে হয়রানি করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে ইউনিয়নের বৈর্স গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, রংপুরের গঙ্গাচড়ার ভূমিদস্যু মহি-মিঠু ও স্থানীয় দালাল মিজানুর রহমান, আইয়ুব আলী, বারেক, করুনা, সোলেমান, লাবলু, আনারুল, ইউসুব আলী, ভোলা, শাহাবুল, সায়েদুল, সেকেন্দার, লেলিন, ইসরাফিল, মোস্তা এবং মনু তাঁদের আবাদি জমি হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন।
মহি-মিঠু পোলট্রি ফার্মের নামে চাঁদখানা পারেরহাট ও বশপাড়া এলাকায় ১৫ একর জমি কেনা হয়। পরে ভূমিদস্যুরা জবরদখল করে ১০০ একর জমি প্রাচীর দিয়ে ঘেরার চেষ্টা করেন। এলাকার লোকজন তাঁদের বাধা দিলে তাঁরা থানায় মামলা করেন। পরে পুলিশ স্থানীয় বেলাল হোসেন ও আবদুল মজিদকে গ্রেপ্তার করে। গত ১২ জুলাই মহি-মিঠু কিশোরগঞ্জ থানা ও নীলফামারী থেকে পুলিশ নিয়ে আসেন। তাঁরা এলাকার জমি দখল করার জন্য বশপাড়ার বাড়িতে আগুন দেন, সরকারি বিদ্যালয়ের বইপত্র পুড়িয়ে ফেলেন এবং এলাকার নিরীহ মানুষকে মারধর করেন। এ সময় পুলিশ পাঁচটি গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশীদ বলেন, পুলিশের ওপর হামলার ঘটনাসহ এ বিষয়ে চারটি মামলা হয়েছে। এর প্রতিটিতে সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ জনের নাম আছে।