মিথ্যা মামলা: বাদীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিষয়ে মিথ্যা মামলা করায় বাদী আহমদ শফিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সিনিয়র সহকারী জজ আদালত। আদালত মামলাটি খারিজ করে দিয়ে বাদীর বিরুদ্ধে মামলা করার রায়ও দেন। আদালত সূত্র জানায়, উপজেলার শিলক ইউনিয়নের আহমদ শফি জমি ভাগাভাগি নিয়ে বড় ভাইয়ের ওয়ারিশদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তিনিসহ ১০ জন বাদী ছিলেন। কিন্তু গত ১১ সেপ্টেম্বর শুনানির সময় কয়েকজন বাদী উপস্থিত হয়ে মামলা দায়ের সম্পর্কে কিছুই জানেন না বলে সাক্ষ্য দেন। এ সময় এক নম্বর বাদী আহমদ শফি আদালতে উপস্থিত ছিলেন না। আইনজীবী জামালুচ ছোবহান বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন। বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন মো. নুরুল আলম।আইনজীবী নুরুল আলম বলেন, ১২ সেপ্টেম্বর শুনানির পর আদালত মামলাটি মিথ্যা ও বানোয়াট হিসেবে আখ্যা দেন। ফলে মামলাটি খারিজ করে দেওয়া হয়। মিথ্যা মামলায় হয়রানির দায়ে বিচারক এক নম্বর বাদীকে তিন হাজার টাকা জরিমানা করেন। চাইলে অন্য ১০ বাদী এক নম্বর বাদীর বিরুদ্ধে মামলা করতে পারেন বলে রায় দেওয়া হয়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে আইনজীবী জামালুচ ছোবহান কিছু বলতে অস্বীকার করেন। আহমদ শফির মুঠোফোনে একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।