লক্ষ্মীপুর প্রেসক্লাব ভবন ভেঙে দোকানঘর নির্মাণ ও সাংবাদিকদের ওপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর প্রেসক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার, মহিউদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন, আবদুল মালেক, সেলিম উদ্দিন নিজামী, আনোয়ারের রহমান, এস এম বেলাল প্রমুখ। বক্তারা হেলাল, কামাল ও তাদের সন্ত্রাসীদের প্রথম আলোর প্রতিনিধি এম জে আলম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিটিভির প্রতিনিধি মো. জহির উদ্দিনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা আরও বলেন, প্রেসক্লাবের সভাপতি, যুগান্তর ও এনটিভির প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক মাধুমালতী ও সাপ্তাহিক দামামার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারের রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিটিভির প্রতিনিধি মো. জহির উদ্দিন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, ইনডিপেনডেন্ট টিভি ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি আব্বাছ হোসেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও আরটিভির প্রতিনিধি মো. তৌহিদুর রহমান ও প্রথম আলো প্রতিনিধি এম জে আলমের বিরুদ্ধে হোসেন আহমঞ্চদ হেলাল বাদী হয়ে সোমবার লক্ষ্মীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা করেন। এ মামলা প্রত্যাহার করা না হলে লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন স্থানীয় সাংবাদিক নেতারা। উল্লেখ্য, ঈদের পরদিন রোববার দুপুরে সন্ত্রাসী ও চাঁদাবাজ হেলাল ও কামালের নেতৃত্বে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী লক্ষ্মীপুর প্রেসক্লাবের পূর্ব অংশ ভেঙে দুটি দোকানঘর নির্মাণের চেষ্টা করে।