সঠিক তথ্য দিতে কমিউনিটি পুলিশের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। চট্টগ্রামের মিরসরাইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, থানার ওসিদের নির্দেশনা দেওয়া আছে তাঁরা যেন কমিউনিটি পুলিশ সদস্যদের কাছ থেকে তথ্য নেন। কিন্তু প্রভাবিত হয়ে কোনো তথ্য পুলিশকে দেওয়া যাবে না। নিরপেক্ষ ও সৎভাবে কমিউনিটি পুলিশ সদস্যদের কাজ করতে হবে। খেয়াল রাখতে হবে, মিথ্যা মামলায় নিরপরাধ কোনো লোক যাতে ক্ষতিগ্রস্ত না হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইস্কুল মাঠে চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে আইজিপি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।
আইজিপি বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহসহ সামাজিক সমস্যা সমাধানে কমিউনিটি পুলিশ সদস্যদের এগিয়ে আসতে হবে। কেবল গ্রেপ্তার বা মামলায় এর সমাধান হবে না। মাদক ও জঙ্গি সম্পর্কে সন্তানদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, তা খেয়াল রাখতে হবে। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন প্রমুখ। সমাবেশে জেলার ১৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, পুলিশ সব জায়গায় যেতে পারবে না। সবকিছু জানবেও না। জনগণ জানবে, কারা ইয়াবা ব্যবসা করে, কারা ইয়াবা সেবন করে। তাদের ধরিয়ে দিতে হবে।
মন্ত্রী বলেন, সীতাকুণ্ড ও মিরসরাইতে বিগত সময়ে হরতাল-অবরোধের নামে শত শত গাড়ি পুড়িয়েছে, পেট্রলবোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনৈতিক দল। তারা সন্ত্রাস করে ক্ষমতায় যেতে চায়।