নড়াইলের লোহাগড়ায় গাছের সঙ্গে বেঁধে তরুণীকে নির্যাতনের ঘটনাকে সাজানো দাবি করে সেনাসদস্য শফিকুল ও তাঁর পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন শফিকুলের স্ত্রী মাহামুদা আক্তার।
গতকাল বুধবার দুপুরে লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাহামুদা আক্তার এ দাবি করেন। তিনি বলেন, ‘গত ২৯ এপ্রিল আমার স্বামী শফিকুল আমার মামার বাড়িতে আমার সঙ্গে ছিলেন। অথচ ওই দিন আমার স্বামীর সহায়তায় ওই তরুণীকে নির্যাতন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।’ তিনি আরও বলেন, ‘ভুয়া কাবিননামা দিয়ে ওই তরুণী নিজেকে আমার স্বামীর (শফিকুলের) স্ত্রী দাবি করছেন।’
সংবাদ সম্মেলনে মাহামুদা আক্তার ছাড়াও তাঁর কয়েকজন আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। ওই তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ এনে শফিকুল, তাঁর বড় ভাই হাসান শেখ, বাবা ছালাম শেখ, মা জিরিন আক্তার, চাচা কালাম শেখ ও মাতবর আজিজুর রহমানকে আসামি করে গত ৫ মে তরুণীর মা খাদিজা বেগম লোহাগড়া থানায় মামলা করেন।