মিথ্যা মামলায় ৪ তরুণকে গ্রেপ্তারের অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার চার তরুণকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগে প্রতিবাদ সভা করা হয়েছে। গতকাল সোমবার এলাকাবাসী ওই কর্মসূচি পালন করে। সভায় তারা মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার হওয়া তরুণদের মুক্তির দাবি জানায়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার এপেক্স হোল্ডিং নামের একটি কারখানার শ্রমিক জোসনা আক্তার (২৫) ঈদের ছুটি শেষে ৯ নভেম্বর গ্রামের বাড়ি গাইবান্ধা থেকে কালিয়াকৈরে আসেন এবং নিজ বাসায় না উঠে একই এলাকার ফুফাতো ভাইয়ের বাসায় ওঠেন। পরে বাড়ির মালিকের ছেলে রবিউল ইসলামসহ চার-পাঁচজন তরুণ জোসনা ও তাঁর ফুফাতো ভাইকে আপত্তিকর অবস্থায় আটক করে। পরে তাঁদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার তিন দিন পর ১২ নভেম্বর কালিয়াকৈর থানায় জোসনা আক্তার বাদী হয়ে রবিউল ইসলাম, হাসানুর রহমান, আলমগীর ও আলতাফ হোসেন নামের চার তরুণকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ হরিণহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। মামলাটি সাজানো ও মিথ্যা দাবি করে এলাকাবাসী গতকাল ওই প্রতিবাদ সভা করে।অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনার কয়েক দিন পর জোসনা আক্তার থানায় অভিযোগ করেন। ঘটনার তদন্ত করা হচ্ছে। চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।