মিথ্যা সনদ দেওয়ায় চিকিৎসক হাজতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা চিকিৎসা সনদ দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় গতকাল মঙ্গলবার এক চিকিৎসককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বরগুনার বিচারিক হাকিম আদালতে (বেতাগী) ওই মামলার অভিযুক্ত বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফারুক আলম হাজির হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম কবির হোসেন তাঁর জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা আবদুর রব ফরাজীর সঙ্গে প্রতিপক্ষের জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে মারামারি হয়। এতে প্রতিপক্ষের লোকজন সামান্য আহত হয়। পরে আহত ব্যক্তিরা বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। মামলার অভিযোগের গুরুত্ব বাড়াতে চিকিৎসক ফারুক আলমের কাছ থেকে মিথ্যা চিকিৎসা সনদ নেন। এমন অভিযোগ এনে আবদুর রব ২০০৮ সালের ২০ ডিসেম্বর চিকিৎসক ফারুক আলমসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল আদালতে হাজির হয়ে চিকিৎসক ফারুক জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত চিকিৎসক ফারুক আলম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘বেতাগী হাসপাতালের চিকিৎসকেরা আহত রোগীর অবস্থা গুরুতর হলেই বরিশালে প্রেরণ (রেফার) করে। আমরা সেই অনুযায়ী চিকিৎসা সনদ দিই।’ তিনি মিথ্যা সনদ দেননি বলে দাবি করেন।