মিথ্যা সাক্ষ্য দেওয়ায় আ.লীগ নেতাদের দণ্ড
বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড পাওয়া দুই আসামির পক্ষে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টির দায়ে আওয়ামী লীগের দুই নেতাকে জেল-জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান আদালত পরিচালনা করার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মাদকদ্রব্য সেবনের অভিযোগে ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের ওমর ফারুক ও আসাদুল ইসলামকে পার্শ্ববর্তী গোসাইবাড়ী বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওমর ফারুক ও আসাদুলকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ড হওয়া দুই ব্যক্তির পক্ষে এ সময় মিথ্যা সাক্ষ্য দিয়ে তাঁদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন ও সদস্য আবদুর রহমানকে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে ওই দুই নেতা জরিমানার টাকা দিয়ে মুক্তি পান।
আওয়ামী লীগের নেতা নূর হোসেন বলেন, ‘দুই মাদক সেবনকারীর পরিবারের কান্নাকাটি দেখে এলাকার নেতা হিসেবে আমরা দুজন তাঁদের ছাড়িয়ে নেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালতের কাছে সুপারিশ করেছিলাম।’
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী বলেন, মঙ্গলবার রাতে গোসাইবাড়ি বাজারে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের অভিযোগে ওমর ফারুক ও আসাদুল ইসলামকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড হওয়ার পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করা ও প্রতারণার অভিযোগে দুজনকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁরা জরিমানার টাকা পরিশোধ করায় তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।