মিথ্যা সাক্ষ্য দেওয়ায় দুই সাক্ষীর বিরুদ্ধে বিচারকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শপথ পাঠ করে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের এক মামলার দুই সাক্ষীর বিরুদ্ধে বিচারক বাদী হয়ে মামলা করেছেন। গত রোববার সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। সেদিন মামলার জব্দ তালিকার দুই সাক্ষীকে আদালতে হাজির করে পুলিশ। তাঁরা হলেন আবদুল মালেক ও বদিউল আলম। তাঁরা দুজন ভাই। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে তাঁরা আদালতের সামনে শপথও নেন। কিন্তু এরপর সাক্ষ্য না দিয়ে জব্দ তালিকায় থাকা সই তাঁদের নয় বলে দাবি করেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৯ মে পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের মাইজপাড়া থেকে ২০টি ইয়াবা বড়িসহ জাকির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার পর তদন্ত শেষে একই বছরের ২০ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আসামি জাকির হোসেন দুই মাস পর জামিনে বেরিয়ে পালিয়ে যান।
এই মামলার সরকারি কৌঁসুলি স্বরূপ পাল প্রথম আলোকে বলেন, মামলায় সাক্ষী রয়েছেন মোট ১০ জন। এর মধ্যে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। জব্দ তালিকায় থাকা চার সাক্ষীর মধ্যে পটিয়ার মাইজপাড়ার মৃত কবির আহাম্মদের দুই ছেলে আবদুল মালেক ও বদিউল আলমের বিরুদ্ধে আদালত প্রথমে সমন জারি করেন। তাঁরা হাজির না হওয়ায় পরে পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানামূলে গত রোববার মামলার ধার্য দিনে পটিয়া থানার পুলিশ দুই সাক্ষীকে আদালতে হাজির করে।
সরকারি কৌঁসুলি বলেন, রাষ্ট্রপক্ষ থেকে দুই সাক্ষীর সাক্ষ্য নিতে তাঁদের সই দেওয়া হয়। সাক্ষ্য দিতে গিয়ে তাঁরা দুজনে দাবি করেন, এই মামলার জব্দ তালিকায় থাকা সই তাঁদের দুজনের নয়। পরে মামলার জব্দ তালিকা ও হাজিরায় দেওয়া সাক্ষীদের সই পর্যালোচনা করে দেখা যায় যে সই এক ও অভিন্ন। পরে দুই সাক্ষী নিজেদের ভুল স্বীকার করেন। তাঁরা মুচলেকা দিয়ে আদালত থেকে চলে যান। কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়ায় সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস আরা বাদী হয়ে বিকেলে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবিরের আদালতে মামলা করেন।
আসামিদের বিরুদ্ধে গতকাল সোমবার সমন জারি করেন একই আদালত। মামলায় সরকারি কৌঁসুলি স্বরূপ পাল ও আদালতের বেঞ্চ সহকারী এস এম মোর্শেদকে সাক্ষী রাখা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ফৌজদারি মামলায় জব্দ তালিকার সাক্ষী খুবই গুরুত্বপূর্ণ। আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া হলে সাক্ষীর বিরুদ্ধে মামলা করার বিধান থাকলেও সাধারণত তা করা হয় না। সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় দুই সাক্ষীর বিরুদ্ধে করা মামলা উদারহণ হয়ে থাকবে। এতে সাক্ষীরা আদালেত হাজির হয়ে মিথ্যা সাক্ষ্য দিতে সাহস করবেন না। প্রকৃত অপরাধীদের শাস্তি হবে।