১০ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় তাঁকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার আদালতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।এ সময় নিজের আইনজীবী অনুপস্থিত আছেন বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করে এক দিনের জন্য সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখার আবেদন জানান বাবর। আদালত আবেদন আমলে না নিয়ে সাক্ষ্য নেওয়ার পক্ষে অভিমত দেন। আদালতের সিদ্ধান্তে মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান তাঁর অসমাপ্ত সাক্ষ্য দেওয়া শুরু করেন। গতকালও সাক্ষ্য অসমাপ্ত রেখেই দিনের কার্যক্রম শেষ হয়। আদালত আগামী ৫ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য দেন মনিরুজ্জামান। সাক্ষ্যে তিনি মামলার আসামি চোরাকারবারি হাফিজুর রহমানের সঙ্গে আরেক আসামি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার সম্পর্কের কথা জানান। মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় আসামি: গতকাল বেলা আড়াইটায় মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মনিরুজ্জামান কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়ার মুহূর্তে লুৎফুজ্জামান বাবর কিছু বলতে আদালতের অনুমতি প্রার্থনা করেন। অনুমতি পেয়ে বাবর বলেন, ‘স্যার, বিনয়ের সঙ্গে বলছি, একটা কথা আছে। আজ আমার কোনো উকিল নেই। কারও কোনো উকিল নেই। মাননীয় আদালত এটা আমাদের ন্যায্য অধিকার। আজ হরতাল। আজকের দিনটি সময় দিতে পারেন।’ এ সময় আদালত বলেন, ‘আসামিপক্ষের ক্ষতি হতে দেব না। সাক্ষীকে জেরার আগে পর্যাপ্ত সময় দেওয়া হবে।’ এরপর বাবর বলেন, ‘এই মামলার সঙ্গে আমি বিন্দুমাত্র জড়িত নই। আমাকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। তখন একবারের জন্যও তদন্তকারী কর্মকর্তা বা জ্যেষ্ঠ কর্মকর্তারা মামলার বিষয়ে কিছু জিজ্ঞেস করেননি। শুধু একটা মিথ্যা সাক্ষী না দেওয়ায় আমাকে আসামি করা হয়েছে।’ বাবর রাষ্ট্রপক্ষের উদ্দেশে বলেন, ‘আমার আইনজীবীকে উপস্থিত থেকে সাক্ষ্য শুনতে হবে।’ তখন আদালত বলেন, ‘এই আইন কোথায় আছে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন, কিন্তু আইনের বিষয়ে জানতে হবে।’ হাফিজের সঙ্গে পরেশ বড়ুয়ার সম্পর্ক ছিল: সাক্ষ্যে মনিরুজ্জামান বলেন, ‘২০০৯ সালের ৪ ফেব্রুয়ারি মামলার নথি বুঝে নিয়ে গ্রেপ্তার থাকা আসামি হাফিজুর রহমান ও দ্বীন মোহাম্মদকে রিমান্ডের আবেদন জানাই। আদালত দুই দফায় যথাক্রমে পাঁচ ও চার দিন রিমান্ড মঞ্জুর করেন।’