মিথ্যাচারে কাজ হবে না: নাছির
কাল্পনিক ইস্যু তৈরি করে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম ধারাবাহিকভাবে মিথ্যাচার করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। তবে বিএনপির মিথ্যাচারে কোনো কাজ হবে না বলে দাবি করেছেন তিনি।
সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিনে গতকাল রোববার বিকেলে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন আ জ ম নাছির উদ্দিন। এ সময় কয়েকজন সাংসদ, নগর ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। তবে নাছিরের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ছিলেন না।
মনজুর আলমের প্রচারণায় হামলার জন্য তাঁর পক্ষ থেকে নাছিরের সমর্থকদের দায়ী করার বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ-সমর্থিত এই প্রার্থী দাবি করেন, বিএনপির দ্বন্দ্বের কারণে ওই গন্ডগোলের সূত্রপাত।
মনজুর আলমের পোলিং এজেন্টদের ওপর হামলার বিষয়ে নাছির উদ্দিন বলেন, ‘উনারা এজেন্ট খুঁজে পাচ্ছে না। এজেন্ট খুঁজে না পেলে দায়ী কি আমি? এখন উনি বলছেন, আমাদের পক্ষ থেকে ভয়ভীতি দেখানোর কারণে তিনি এজেন্ট পাচ্ছেন না। এটা মিথ্যাচার।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আছে কি না, এমন প্রশ্নে নাছির বলেন, ‘অনেক কিছু আছে। এগুলো নিয়ে আমি বলতে চাই না। খেলার মাঠে কত কিছু হবে। আমি তো প্লেয়ার।’
মহিউদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলনে নেই কেন জানতে চাইলে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘উনার পূর্বনির্ধারিত সভা আছে। আজকের সংবাদ সম্মেলন গত রাতে ১২টার দিকে সিদ্ধান্ত হয়েছে। আগে কিছু পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। আমরা বিভিন্নজন বিভিন্ন কাজে আছি। সবাই একই কাজে ব্যস্ত থাকলে নির্বাচনী কার্যক্রম কীভাবে নির্দিষ্ট সময়ে সম্পাদন করা যাবে?’
নির্বাচনে জয়ী হলে পরাজিত প্রার্থীর সহযোগিতা চাইবেন কি না বা পরাজিত হলে মেনে নেবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে নাছির বলেন, ‘উনার (মনজুর আলম) পক্ষ থেকে সহযোগিতা নেওয়ার মতো কিছু থাকলে নেব। না থাকলে কেন উনার কাছ থেকে সহযোগিতা নেব। তবে ফলাফল যা-ই হবে আমি তা মেনে নেব।’
আ জ ম নাছির উদ্দিন দাবি করেন, সিটি নির্বাচন চট্টগ্রামবাসীর জন্য অ্যাসিড টেস্ট। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে চান। ইচ্ছা থাকার পরও সব ভোটারের কাছে যেতে না পারার জন্য তিনি ক্ষমা চান। তিনি বলেন, ‘ভোটারদের কাছে অনুরোধ, দয়া করে আমাকে একটিবারের জন্য সুযোগ দিন। নির্বাচিত হলে প্রতিটি এলাকায় দলমত-নির্বিশেষ ঐকমত্যের ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরি করে বাস্তবায়ন করব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আ জ ম নাছির উদ্দিনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইছহাক মিয়া, আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংসদ হাছান মাহমুদ, সাংসদ ফজলে করিম চৌধুরী, সাংসদ নজিবুল বশর, সাতকানিয়া-লোহাগড়ার সাংসদ আবু রেজা নিজামউদ্দিন নদভী, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যথাক্রমে এম এ সালাম ও মফিজুর রহমান প্রমুখ।