মিনতি, সাবিত্রীদের কষ্টের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনতি বালা, মিনতি রািন, উপবালা, সাবিত্রী, কৌশলা—ভিন্ন নামের হলেও তাঁদের কষ্টটা অভিন্ন। তাঁরা পেশায় কৃষিশ্রমিক। তাঁদের কারও স্বামী মারা গেছেন, আবার কারও স্বামী থেকেও নেই।
রোদ-বৃষ্টি-ঝড় মাথায় নিয়ে দিনের পর দিন পরিশ্রম করে জীবন ও জীবিকা চালাচ্ছেন তাঁরা। সারা বছরই থাকে, এমন কাজের নিশ্চয়তা পেলেই তাঁরা খুশি।
৫ সেপ্টেম্বর দুপুরে নীলফামারী-ডোমার সড়কের জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের কাছে প্রধান সড়কের পাশে তাঁদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তখন সেখানে ১৪ জন নারী শ্রমিক একসঙ্গে পাট ছড়ানোর কাজ করছিলেন। তাঁদের সঙ্গে কোনো পুরুষ শ্রমিক দেখা যায়নি। এ সময় তাদের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা সবাই পলাশবাড়ী ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।
কৃষিশ্রমিকদের একজন উপবালা (৩০) বলেন, ‘হামরা দিনমজুরি করি খাই, হামার কুনো দুঃখ নাই।’ কেন দুঃখ নেই, জানতে চাইলে বেরিয়ে আসে তাঁদের মনের ভেতরের কষ্টগুলো।
উপবালা জানান, তাঁর স্বামী তিন বছর আগে মারা গেছেন। নিজের সহায়সম্বল নেই। ছোট দুই ছেলেমেয়েকে নিয়ে দিনমজুরির টাকা দিয়ে চলেন। সকাল আটটায় কাজে এসে বিকেল পাঁচটায় ফেরেন। কোনো দিন ১০০ টাকা হয় আবার কোনো দিন ১৫০ টাকা হয়। কোনো কোনো দিন কাজ পাওয়া যায় না। চেয়ারম্যান-মেম্বারও কার্ড দেন না। কাজ না করলে ছেলেমেয়ে নিয়ে না খেয়ে থাকতে হয়।
পিঠে টিউমার নিয়ে শারীরিক প্রতিবন্ধী সাবিত্রী (৫৫) কাজ করছিলেন। ওই টিউমারের কারণে কুঁজো হয়ে গেছেন তিনি। সাবিত্রী জানালেন, তাঁর কুজো হওয়ার কারণে প্রায় ২৫ বছর আগে স্বামী সদানন্দ তাঁকে ছেড়ে আরেকটি বিয়ে করেন। তিনি একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়িতে ঠাঁই নিয়েছেন। এখন দিনমজুরি করে চলে তাঁর জীবন। তাঁদেরই একজন কৌশলা রািন (৪০) জানান, রোদ-বৃষ্টি-ঝড় কোনো কিছুই তাঁদের ঘরে আটকে রাখতে পারে না। কাজ করা চাই। নয়তো খাবার জুটবে না।
মৃত সরনী রায়ের স্ত্রী মিনতি বালা (৪৫) বলেন, ‘সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করে পাই ১০০-১৫০ টাকা। কিন্তু প্রতিদিন কাম থাকে না।’ তিনি জানান, প্রতিটি পাটের বোঝা (চার আটিতে এক বোঝা) ছড়ানোর জন্য পাঁচ টাকা মজুরি পাওয়া যায়। একজন নারী শ্রমিক সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত মজুরি তুলতে পারেন। মজুরি কম, খাটনি বেশি—এ কারণে পুরুষ শ্রমিকেরা এ কাজ করেন না বলেও জানান তিনি।
গ্রামের জীতেন্দ্র নাথ রায় (৫০) বলেন, এ গ্রামের অধিকাংশ পরিবার অসচ্ছল। অনেকের নিজের ভিটেটুকুও নেই। কাজ করে চলে তাঁদের সংসার। এর ওপর বছরের বেশির ভাগ সময় গ্রামে কাজ থাকে না। তখন তাঁদের কষ্টটা আরও বেশি হয়। সরকারি সাহায্য সবার ভাগ্যেও জোটে না।
এ ব্যাপারে পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান তপন কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘আমার ইউনিয়নে ১৩ হাজার ভোটার। এঁদের ৬০ শতাংশ অসচ্ছল। এখানে মাটি কাটার কাজ (১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি) পান ৪৬০ জন, ভিজিডির সুবিধা পান ১৫৫ জন।
এ ছাড়া ভিজিএফের চাল যখন-যেমন পাওয়া যায়, সেভাবে দেওয়া হয়। ৫০ বছরের ঊর্ধ্বের বিধবাদের বিধবা ভাতা এবং ৬৫ বছরের বেশি বয়সী নারীদের বয়স্ক ভাতা দেওয়া হয়। বর্তমানে মাটি কাটার কাজও নেই।