নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর আশিকুর ইসলাম আশিক হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। গোপনে বাদীপক্ষকে না জানিয়েই মামলার তদন্তকারী কর্মকর্তা ২৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। তবে মূল অভিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী মিনহাজুল ইসলাম সিজারকে অব্যাহতি দেওয়া হয়েছে।মামলার এজাহারভুক্ত অপর আসামি মিনহাজুলের সহযোগী সিদ্দিককে অভিযুক্ত করা হলেও ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। মিনহাজুলকে নাসিম ও শামীম ওসমানের বিভিন্ন সভা-সমাবেশে দেখা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তাও স্বীকার করেছেন, অভিযোগপত্র দেওয়ার ক্ষেত্রে তাঁদের ওপর চাপ ছিল। কারণ অব্যাহতিপ্রাপ্ত ও অভিযুক্ত দুজনই নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠজন। ফতুল্লার ছাত্রলীগের আলোচিত কর্মী শহীদুল ইসলাম মিঠু হত্যা মামলার এজাহারভুক্ত আসামিও মিনহাজুল। শহরের খানপুরের গার্মেন্টসের স্টক লট ও ঝুট ব্যবসায়ী আশিকুর ইসলাম সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ভাগনে। ৬ মার্চ রাব্বির মেধাবী ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী নিখোঁজ হয়। ৮ মার্চ সকালে ত্বকীর লাশ পাওয়া যায়। এর পর থেকে ত্বকী, আশিক, নাট্যকার চঞ্চল ও ব্যবসায়ী ভুলু হত্যা একই সূত্রে গাঁথা বলেও অভিযোগ করেন অনেকে।২০১১ সালের ১১ মে রাতে আশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মিনহাজুল ও সিদ্দিক। এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন ১২ মে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে আশিকের লাশ উদ্ধার করা হয়। হাতের আংটি, পেটের ডান দিকে অপারেশনের চিহ্ন দেখে ১৩ মে পরিবার শনাক্ত করে আশিকের লাশ। আশিকের চোখে আগুনে পোড়ার ছাপ ছিল। এ ঘটনায় ১৫ মে আশিকের বড় ভাই ফাইমুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদরের মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার বাদী ফাহিমুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর এক মাস পুলিশ তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছে। আসামিরা এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। তাই তাঁরা মামলার ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ও হতাশ।নারায়ণগঞ্জ সদর মডেল থানার অপর উপপরিদর্শক কে এম সোহেল রানা প্রথম আলোকে বলেন, ‘মূলত মামলার তদন্ত করেছেন নূর মোহাম্মদ। তিনি বদলি হওয়ার কারণে আমি শুধু আদালতে অভিযোগপত্র দাখিল করেছি।’বদলি হওয়া নূর মোহাম্মদ প্রথম আলোকে জানান, আইনে রয়েছে, যদি আসামিকে আটক বা গ্রেপ্তার করা না যায় এবং স্থায়ী ঠিকানা না থাকে, তাহলে তাঁকে অব্যাহতি দেওয়া যেতে পারে। তবে কখনো আসামি গ্রেপ্তার হলে তখন তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে। ফাইমুল ইসলাম বলেন, ‘কবে চার্জশিট দেওয়া হয়েছে, তা আমাদের পরিবারের কারোরই জানা নেই। আশিক হত্যার পর থেকে পুলিশ আমাদের সঙ্গে তেমন কোনো যোগাযোগ করেনি। আমার ভাই আশিককে বাড়ি থেকে সিদ্দিক ও সিজার ডেকে নিয়ে যাওয়ার পরেই তার লাশ পাওয়া যায়। সুতরাং হত্যাকাণ্ডের সঙ্গে দুজনই জড়িত। এদের মধ্যে সিজারকে অব্যাহতি প্রদানের বিষয়টি দুঃখজনক। আমরা অবশ্যই আইনের আশ্রয় নেব।’ আশিকের মামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের চার্জশিটেই প্রমাণিত হয় যে পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি। কারণ পুলিশের কাজই হলো আসামির ঠিকানাসহ অন্য কিছু খুঁজে বের করা। যেহেতু সিদ্দিক ও সিজার প্রভাবশালী আজমেরী ওসমানের বন্ধু, সেহেতু আমাদের ধারণা হতে পারে যে পুলিশ এ ক্ষেত্রে সুষ্ঠু তদন্ত করেনি।’