মিনা দুর্ঘটনায় ইরানি দূতাবাসে শোকবই খোলার সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব অভিযোগ করেছে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মিনা দুর্ঘটনায় হাজিদের মৃত্যুর ঘটনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিভিন্ন দূতাবাসে শোকবই খোলার নির্দেশ দিয়েছে। ঢাকায় সৌদি দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

৭ অক্টোবর সৌদি দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সউদের নেতৃত্বাধীন সৌদি সরকার পবিত্র দুটি মসজিদ এবং সেখানে হজ ও ওমরাহর জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লোকজনের সেবায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এই সেবা সৌদি আরবের মাটিতে তাঁদের পা রাখা থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত বিস্তৃত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিনা দুর্ঘটনায় ইরানসহ বিভিন্ন দেশের হাজিদের হতাহতের ঘটনায় সৌদি কর্তৃপক্ষ গভীরভাবে ব্যথিত। শুরু থেকেই এ ঘটনায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সৌদি বাদশাহ সালমান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইরানের কর্মকর্তাদের সৌদি আরবে গিয়ে আহত ইরানি হাজিদের চিকিৎসার খোঁজখবর নেওয়া, নিহতদের মরদেহ শনাক্ত করাসহ সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে।

২৪ সেপ্টেম্বর শয়তানের প্রতীক স্তম্ভে পাথর মারতে যাওয়ার পথে মিনায় পদপিষ্ট হয়ে মারা যান বিভিন্ন দেশের হাজিরা। সৌদি আরব এখন পর্যন্ত ৭৬৯ জন হাজির মৃত্যু ও আট শতাধিক হাজি আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে ইরান বলেছে, মৃত হাজির সংখ্যা দুই হাজার হবে।