মিনায় পদপিষ্টে নিহত হাজির সংখ্যা ২১৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালনকালে গত মাসে সৌদি আরবের মিনায় পদপিষ্ট হয়ে নিহত হওয়া হাজির সংখ্যা ২ হাজার ১০০ ছাড়িয়েছে। বিভিন্ন দেশের কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা এএফপির এক পরিসংখ্যানে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ওই দুর্ঘটনায় বিভিন্ন দেশের ৭৬৯ জন হাজি মারা গেছেন বলে সৌদি আরব সরকার আগে যে তথ্য সরবরাহ করেছিল, সেটির আর কোনো হালনাগাদ করেনি তারা। তা ছাড়া, নিজেদের কোনো হাজি নিহত হওয়ার তথ্যও জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

গতকাল এএফপির পরিসংখ্যানে বলা হয়, সৌদি আরব নিহত হাজিদের ওই সংখ্যা জানালেও ৩০টির বেশি দেশের সরকারের দেওয়া তথ্যে দেখা যায়, মিনা দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ২ হাজার ১৩৯ জন হাজি। এর আগে ১৯৯০ সালের জুলাইয়ে পবিত্র হজ পালনকালে পবিত্র মক্কা নগরের একটি টানেলে সংঘটিত দুর্ঘটনায় নিহত হাজিদের সংখ্যাকেও ছাপিয়ে গেছে মিনা দুর্ঘটনায় নিহত হাজিদের এই সংখ্যা। টানেলের ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৪২৬ জন।

এএফপির পরিসংখ্যান অনুযায়ী, নিহত হাজিদের মধ্যে ইরানের ৪৬৪ জন, নাইজেরিয়ার ১৯৯, মালির ১৯৮, মিসরের ১৮২, বাংলাদেশের ১৩৭, ইন্দোনেশিয়ার ১২৯, ভারতের ১১৬, পাকিস্তানের ৮৯, ক্যামেরুনের ৭৬, নাইজারের ৭২, সেনেগালের ৬২, ইথিওপিয়ার ৫৩, চাদের ৫২, আইভরিকোস্টের ৫২, বেনিনের ৫২, মরক্কোর ৩৬, সুদানের ৩০, আলজেরিয়ার ২৮, বুরকিনা ফাসোর ২২, তানজানিয়ার ২২, ঘানার ১৭, লিবিয়ার ১০, সোমালিয়ার আট, কেনিয়ার আট, তিউনিসিয়ার সাত, মরিশাসের পাঁচ, চীনের চার, আফগানিস্তানের তিন, বুরুন্ডির এক, ইরাকের এক, জর্ডানের এক, নেদারল্যান্ডসের এক, ওমানের এক ও মালয়েশিয়ার একজন রয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি এই পরিসংখ্যান প্রকাশ করলেও মিনা দুর্ঘটনায় ঠিক কতজন হাজি মারা গেছেন, তা নিয়ে বিতর্ক রয়েই গেছে। ইরান বলেছে, পদপিষ্ট হয়ে মৃত হাজির সংখ্যা দুই হাজার হবে। ভারত ও পাকিস্তানের কাছে সৌদি সরকারের দেওয়া তালিকায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জন হাজির মৃত্যুর কথা বলা হয়েছে।

ইতিমধ্যে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা ১৩৭ জন ও এখনো ৫৩ জন নিখোঁজ রয়েছেন বলে গত রোববার সন্ধ্যায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ টেলিফোনে প্রথম আলোকে জানিয়েছেন। অনেকে নিখোঁজ থাকায় নিহত হাজির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও হজ অফিসের কর্মকর্তারা।