মিনার চৌধুরী আরও এক দিন পুলিশ হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরীকে (মিনার চৌধুরী) আরও এক দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত৷
এর আগে মিনার চৌধুরী সাত দিনের পুলিশ রিমান্ডে ছিলেন৷ রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ৷ এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে তাঁকে অসুস্থ হিসেবে উল্লেখ করেন এবং পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়ার আবেদন জানান।
আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর আসামি মিনার চৌধুরীকে আজ বুধবার বেলা তিনটা পর্যন্ত পুলিিশ হেফাজতে রাখার অনুমতি দেন৷
জাতীয়তাবাদী তাঁতী দলের ফেনী জেলা শাখার আহ্বায়ক মিনার চৌধুরীকে গত ২৭ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করে। ২৮ মে তাঁকে ফেনীর আদালতে হাজির করে সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়৷ মিনার চৌধুরী ঢাকায় ব্যবসা করেন৷ তিনি গত উপজেলা নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন৷
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরাম ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে ২০ মে বেলা ১১টায় শহরের একাডেমি এলাকায় একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা করে৷ সন্ত্রাসীরা একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে৷ এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার প্রায় সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন৷ তাঁদের মধ্যে ১১ জন ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন৷
এই মামলার তদন্ত কর্মকর্তা ফেনী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যা মামলায় এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷