মিনার চৌধুরী গ্রেপ্তার, আবিদের দায় স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনার চৌধুরী
মিনার চৌধুরী

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপির নেতা মাহতাবউদ্দিন চৌধুরীকে (মিনার চৌধুরী) গতকাল মঙ্গলবার ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সেনানিবাস এলাকায় তাঁর এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে ছিলেন৷ সেখান থেকে ধরা হয় বলে ডিবির কর্মকর্তারা জানান৷
তদন্ত-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার দাবি, এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, একরামকে খুনের পরিকল্পনা বাস্তবায়নে মিনার চৌধুরী ফুলগাজী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরীকে দুই কোটি টাকা দিয়েছিলেন আর হামলায় ব্যবহৃত পিস্তলগুলো এই টাকায় কেনা৷
মিনার চৌধুরী বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের ফেনী জেলা শাখার আহ্বায়ক৷
আবিদের স্বীকারোক্তি: একরামের ওপর হামলায় অংশগ্রহণ ও গুলি করার দায় স্বীকার করে গতকাল আদালতে স্বীকারোক্তি দিয়েছেন রিমান্ডে থাকা আসামি আবিদ৷ তাঁর এই জবানবন্দি গ্রহণ করেন ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমীন৷
আবিদ স্থানীয় সাংসদ নিজাম হাজারীর মামাতো ভাই৷ তাঁর মা লায়লা জেসমিন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক৷ স্থানীয় লোকজন জানান, আবিদকে এর আগে ফেনীতে ছাত্রদল-যুবদলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেলেও চলাফেরা করতেন স্থানীয় আওয়ামী লীগের ক্যাডারদের সঙ্গে৷
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জবানবন্দিতে আবিদ বলেছেন, ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় থেকে জাহিদ চৌধুরীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। একরামকে হত্যার আগের রাতে (১৯ মে) সাড়ে আটটা থেকে নয়টায় শহরের মিজান রোডের সালাম কমিউনিটি সেন্টারে একটি বৈঠক হয়। বৈঠকে তিনি (আবিদ), জাহিদ চৌধুরী, রুটি সোহেল, বক্কর, শিফাত, শিপন, অনীক, শানান উপস্থিত ছিলেন। শেষ মুহূর্তে কাউন্সিলর শিবলু উপস্থিত হন। বৈঠকে একরাম চেয়ারম্যানকে অপমান-অপদস্থ করার সিদ্ধান্ত হয়। এরপর রাত সাড়ে ১১টায় শহরের মিজান ময়দানে তাঁকেসহ রুটি সোহেল ও বক্করকে ডেকে পাঠান জাহিদ চৌধুরী৷ তখন একরামকে হত্যার পরিকল্পনার কথা জানান জাহিদ৷ রাতেই এক আত্মীয়ের মাধ্যমে তাঁদের কাছে তিনটি পিস্তল পাঠান জাহিদ চৌধুরী৷
আবিদ জানান, হামলায় ৬০ থেকে ৭০ জন অংশ নেয়৷ এদের বেশির ভাগই জানত, একরামকে অপদস্থ করা হবে৷ ঘটনার দিন ২০ মে সকাল থেকে একরামের গতিবিধি লক্ষ করা হচ্ছিল। হামলার সময় জাহিদ ছিলেন ঘটনাস্থলের অদূরে মিয়ার দোকানে। আবিদ নিজে আফজলের রহমান সড়কের মাথায় ছিলেন। সেখানে শিপন ও শিফাতও ছিলেন। এ রকম চার-পাঁচটি স্থানে তাঁরা ভাগ হয়ে অবস্থান নেন। একরামের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার পর একটি ইজিবাইক দিয়ে সড়কে ব্যারিকেড দেওয়া হয়। তা পাশ কাটতে গিয়ে একরামের গাড়ি সড়ক বিভাজকের ওপর উঠে আটকে যায়। তখন এলোপাতাড়ি হামলা করে গাড়ি ভাঙচুর শুরু হয়। আবিদসহ কয়েকজন গিয়ে গুলি করেন। পরে গাড়িতে আগুন দেওয়া হয়৷
আবিদ জানান, ঘটনার পর পালানোর সময় তিনি জাহিদ চৌধুরী, কাউন্সিলর শিবলু ও হুমায়ুনকে দেখেছেন শিবলুর বাড়ির সামনে দাঁড়ানো৷
একরামকে হত্যার পর আত্মরক্ষার জন্য আবিদ কী করেছেন—আদালতের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি নিজাম হাজারীকে ফোন করেন৷ কিন্তু তিনি ফোন ধরেননি। জাহাঙ্গীর আদেলকেও ফোন করেন, তিনিও ফোন ধরেননি।
অভিযোগ অস্বীকার নিজাম হাজারীর: তদন্তে জড়িত একজন কর্মকর্তা বলেন, জাহিদের সঙ্গে আবিদ, রুটি সোহেলসহ সরাসরি খুনে অংশ নেওয়া কয়েকজনের মুঠোফোনে যোগাযোগের তথ্য নিশ্চিত হওয়া গেছে। একই সঙ্গে জাহিদ এবং পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবদুল্লাহ হিল বাকী শিবলুর সঙ্গে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আদেলের মুঠোফোনে যোগাযোগের তথ্য মিলেছে। আর, সাংসদ নিজামের সঙ্গে ঘটনার আগের রাতে আদেলের একাধিকবার কথা হয়েছে। এসব নেতার মুঠোফোনের কলের তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে বলে ওই কর্মকর্তা জানান৷ অবশ্য আদেল এখনো গ্রেপ্তার না হওয়ায় বিষয়গুলো পরিষ্কার হচ্ছে না। আদেলকে পুিলশ খুঁজছে৷
ফেনী-২ আসনের সাংসদ নিজাম হাজারী ফেনী শহরের বাসাতেই রয়েছেন। গতকাল তিনি শহরের ট্রাংক রোডের লাভ মার্কেটে তাঁর কার্যালয়ে বসেছিলেন। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷ এ সময় তিনি একরাম হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। নিজাম হাজারী বলেন, এ ঘটনায় যে-ই জড়িত থাকুক না কেন, তাঁকে গ্রেপ্তার করার জন্য তাঁর দলের পক্ষ থেকে পুলিশকে বলা হয়েছে। তদন্তে যদি তাঁর বিরুদ্ধেও তথ্য-প্রমাণ মেলে, তাহলে তাঁকেও যেন গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর আদেলের সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে সাংসদ নিজাম হাজারী বলেন, শুধু জাহাঙ্গীর আদেল নয়, ফেনী জেলা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর সঙ্গেই প্রতিদিন তাঁর অসংখ্যবার ফোনালাপ হয়। তবে এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই।
আরও দুজন গ্রেপ্তার এবং দুটি পিস্তল উদ্ধার: পুলিশ জানায়, রিমান্ডে থাকা আওয়ামী লীগ নেতা জাহিদ চৌধুরীর দেওয়া তথ্য মোতাবেক শহরের সালাম কমিউনিটি সেন্টারের পেছনে তাঁর অফিসে সোমবার রাতে অভিযান চালায় পুলিশ৷ সেখান থেকে চারটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়৷
এ ছাড়া, একরাম হত্যায় জড়িত থাকার অভিযোগে ফেনীতে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র৵াব৷ তাঁরা হলেন সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রউফ ও ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার যুবলীগের কর্মী মো. সজীব (২৫)৷
র৵াব জানায়, এর আগে গ্রেপ্তার হওয়া তরুণ জাহিদুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, হামলা শেষে তিনি ওই পিস্তলটি সজীবের কাছ রেখে যান৷ এরপর সজীবের বাড়িতে অভিযান চালানো হয়৷ এ ছাড়া, গ্রেপ্তার হওয়া রউফ একসময় জয়নাল হাজারীর অনুগত দুর্ধর্ষ সন্ত্রাসী ছিল, বর্তমানে নিজাম হাজারীর অনুগত৷