
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী জামিন পাননি।
জামিন চেয়ে মিনার চৌধুরীর করা আবেদনটির শুনানি নিয়ে আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে গতকাল বুধবার খারিজ করেছেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।
ওই মামলায় ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া জামিন গত ১১ এপ্রিল বাতিল করেন আপিল বিভাগ। এরপর ৩১ জুলাই হাইকোর্টে আবার জামিনের আবেদন করেন মিনার চৌধুরী। এই আবেদন উত্থাপিত হয়নি মর্মে গতকাল খারিজ হয়। আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজাক খান ও আমিনুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার। তিনি বলেন, আপিল বিভাগে মিনারের জামিন বাতিল হয়েছিল। মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। এ অবস্থায় আদালত জামিন না দেওয়ার কথা বললে আবেদনকারীর আইনজীবী বিষয়টি উপস্থাপন না করার কথা জানান। পরে আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন আদালত।