মিনার চৌধুরীকে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার আসামি মাহতাব উদ্দিন চৌধুরীকে (মিনার চৌধুরী) দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন চেম্বার বিচারপতি। তাঁর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করে গতকাল রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
১৫ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মিনার চৌধুরীর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ১৭ জুলাই তিনি মুক্তি পান। আদালত সূত্র জানায়, জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ স্থগিত চেয়ে গতকাল রাষ্ট্রপক্ষ আদালতে আবেদন দাখিল করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতি মাহতাব উদ্দিনের জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ স্থগিত করে তাঁকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তার করতে আইনগত কোনো বাধা থাকবে না।
আইনজীবী সূত্র জানায়, শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ওই মামলায় মিনার চৌধুরী এক নম্বর আসামি। এজাহারে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্ত ও সহযোগী আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এটি একটি চাঞ্চল্যকর মামলা। একজন জনপ্রতিনিধিকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামি বাইরে থাকলে তা তদন্তে প্রভাব বিস্তার করবে। আসামিপক্ষের আইনজীবী বলেন, মিনার জামিনে বের হয়ে গেছেন। তাই জামিন স্থগিতের সুযোগ নেই।
গত ২০ মে দিনদুপুরে ফেনী শহরের একাডেমি সড়কে একরামুল হককে গাড়ির ভেতরে গুলি করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের ভাই রেজাউল হক জসিম ওই দিনই জাতীয়তাবাদী তাঁতী দলের ফেনী জেলা শাখার আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০-৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মহানগর গোয়েন্দা পুলিশ ২৭ মে ঢাকা থেকে মিনার চৌধুরীকে গ্রেপ্তার করে।