ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর (মিনার চৌধুরী) জামিন বাতিল করেছেন সর্বোচ্চ আদালত। তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী কারাগারে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। একই সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে তিনজন চিকিৎসক মিনার চৌধুরীকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা নেওয়ার সনদ দিয়েছিলেন, তাঁদের আদালত তলব করেছেন। ১৫ মে তাঁদের আদালতে হাজির হতে হবে।
গতকাল মিনার চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও আব্দুর রেজ্জাক খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৬ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ মিনার চৌধুরীকে ছয় সপ্তাহের জামিন দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ২০ মার্চ চেম্বার আদালত মিনারের জামিন স্থগিত করে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। ২৪ মার্চ আপিল বিভাগ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন মিনার চৌধুরীকে বিএসএমএমইউতে স্থানান্তরের নির্দেশ দেন। পাশাপাশি তাঁর স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করতে মেডিকেল বোর্ড গঠন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। গতকাল বিএসএমএমইউর দেওয়া ওই প্রতিবেদনের ওপর শুনানি হয়।
অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, বিএসএমএমইউর প্রতিবেদন অনুসারে, মিনার চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। অথচ কারাগারের চিকিৎসকেরা তাঁকে ইব্রাহিম কার্ডিয়াকে পাঠানোর সনদ দিয়েছিলেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।