মিনার চৌধুরীর বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একরামুল হক
একরামুল হক

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীর বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করায় গতকাল রোববার মিনার চৌধুরীর বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ২০ জুলাই হাইকোর্টের চেম্বার বিচারপতি মিনার চৌধুরীর হাইকোর্টের ইতিপূর্বে দেওয়া একটি জামিন আদেশ স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণের আদেশ দিয়েছিলেন। সে অনুযায়ী গতকাল আদালতে ছিল তাঁর আত্মসমর্পণের শেষ দিন।
ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে উপস্থিত হয়ে গতকাল মিনার চৌধুরীর পক্ষে তাঁর আইনজীবী আবদুল মান্নান খান বলেন, মিনার চৌধুরী খুবই অসুস্থ এবং তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকার সিএমএম আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে হাসপাতালে চিকিৎসার আবেদন জানান তিনি। কিন্তু বিচারিক হাকিম মিনার চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে গত ২৭ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কচুক্ষেত এলাকার একটি বাসা থেকে মিনার চৌধুরীকে গ্রেপ্তার করে। গত ১৫ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এর ফলে ১৭ জুলাই ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
২০ জুলাই সরকারপক্ষ ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আদালতে আবেদন করে। রাষ্ট্রপক্ষ ও মিনার চৌধুরীর পক্ষে শুনানি শেষে হাইকোর্টের চেম্বার বিচারপতি মিনার চৌধুরীর জামিন মঞ্জুর করে দেওয়া আদেশটি স্থগিত করে তাঁকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
প্রসঙ্গত, গত ২০ মে দিনদুপুরে ফেনী শহরের একাডেমি সড়কে একরামুল হককে গাড়ির ভেতর গুলি করে ও পরে গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক জসিম ওই দিনই জাতীয়তাবাদী তাঁতী দলের ফেনী জেলা শাখার আহ্বায়ক মিনার চৌধুরীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ১৬ জন কোনো না কোনোভাবে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তবে ঘটনার মূল নায়কদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।