মিনার চৌধুরী ৭ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহতাব উদ্দিন চৌধুরীকে (মিনার চৌধুরী)
মাহতাব উদ্দিন চৌধুরীকে (মিনার চৌধুরী)

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর (মিনার চৌধুরী) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমীন এ জামিন মঞ্জুর করেন।

বিকেল সোয়া চারটার দিকে মিনারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। এ সময় তাঁর পক্ষে অসুস্থতার কথা উল্লেখ করে ১৫ জন আইনজীবী জামিনের আবেদন জানান। আদালত জামিনের আবেদন নাকচ করে দেন এবং পুলিশকে অসুস্থতার কথা বিবেচনা করে কৌশলে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।

এ ছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ফেনীর সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রউফকে পাঁচ দিনের এবং ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার যুবলীগের কর্মী মো. সজীবকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

গতকাল মিনার চৌধুরীকে ঢাকার সেনানিবাস এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর পেয়ে রাতেই ফেনী পুলিশের একটি দল তাঁকে ঢাকা থেকে ফেনী নিয়ে আসে।