মিনার নিরাপত্তা বাড়ানো হয়েছে
পবিত্র হজের অংশ হিসেবে হজযাত্রীরা জিলহজ মাসের ৭ তারিখ থেকে মিনায় অবস্থান করবেন। গত বছর হজের সময় মিনায় দুর্ঘটনায় অনেকে মারা যান। এবার মিনার নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে।
কয়েক বছর আগেও কিছু প্রবাসী বাংলাদেশি দেশ থেকে আসা স্বজনের সঙ্গে হজ পালন করতেন। মিনার আশপাশে প্রবাসীরা ভিড় করতেন। এবার প্রবাসীরা হজ পালন করতে চাইলে নিয়ম মেনে হজ পালনের সুযোগ পাবেন। তবে বিনা অনুমতিতে কেউ হজ পালন করতে পারবেন না। ভিড় এড়াতে ও হজযাত্রীদের নিরাপত্তার জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে মিনা, মুজদালিফা ও আরাফাতে সরেজমিনে দেখা যায়, পুরো এলাকায় সাতটি হেলিকপ্টার মহড়া দিচ্ছে (হজের সময় টহল দেওয়ার জন্য)। হজযাত্রীদের তাঁবুতে তাঁবুতে মশার ওষুধ ছিটানো হয়েছে। তাঁবুর ভেতরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), পানির কল ইত্যাদি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে, যাতে হাজিদের কোনো কষ্ট না হয়। হজযাত্রী পরিবহনের জন্য ট্রেন সার্ভিসের ট্রেন পরীক্ষামূলকভাবে চলাচল করছে। মিনা, মুজদালিফা, আরাফাতে সব বাতি, এসি চালু করা হয়েছে। মুজদালিফায় হাজিদের জন্য পাথর এনে রাখা হয়েছে, যাতে মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে শয়তানকে পাথর মারতে পারেন।
পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত কাজ করছেন। মিনার বিভিন্ন রাস্তায় টেলিফোনের তার লাগানোর জন্য খোঁড়া হয়েছিল, ওই সব রাস্তার পিচ ঢালাই বেশির ভাগ শেষ হয়েছে। মোয়াল্লেমের লোকজন হজযাত্রীদের থাকার জন্য ম্যাট, বালিশ, কম্বল বিছানোর কাজ করছেন। গত বছর শয়তানকে পাথর মারতে যাওয়ার পথে মিনার ২০৪ নম্বর সড়কে দুর্ঘটনা ঘটে।
হজযাত্রীদের সার্বিক বিষয়ে মক্কার গভর্নর প্রিন্স খালিদ ফয়সাল সংশ্লিষ্ট স্থানে খোঁজখবর নেন। তিনি বলেন, মক্কার ৮টি হাসপাতাল ও ১২৮টি হেলথ সেন্টার হজযাত্রীদের সেবার জন্য প্রস্তুত রয়েছে।